দেশে ট্রফি না এলেও বিদেশের মাটিতে উড়ছে মুম্বই ইন্ডিয়ান্সের বিজয় পতাকা। আইপিএলে বারবার ব্যর্থতার পর এবার আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (MLC) দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক। সোমবার ডালাসে রুদ্ধশ্বাস ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়ে ট্রফি জিতে নিল অম্বানী পরিবারের এই ফ্র্যাঞ্চাইজি। অথচ এই টুর্নামেন্টে শুরুটা হয়েছিল হতাশাজনকভাবে। প্রথম সাত ম্যাচে মাত্র একটি জয়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ট্রফি ছিনিয়ে নেওয়া সত্যিই কুর্নিশযোগ্য।
ম্যাচের নায়ক হয়ে উঠলেন কুইন্টন ডি’কক। আইপিএলে কেকেআরের হয়ে খেলা এই ব্যাটার ৪৬ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। তাঁর সঙ্গে শেষদিকে গুরুত্বপূর্ণ ক্যামিও দেন কুঁয়রজিৎ সিংহ। ১৮০ রানের টার্গেট দেওয়ার পরেও প্রথম থেকেই চাপ তৈরি করে মুম্বই। রাচিন রবীন্দ্র ও জ্যাক এডওয়ার্ডসের লড়াইয়ের পরও শেষ ওভারে ১২ রানের সমীকরণ রক্ষা করতে ব্যর্থ হয় ওয়াশিংটন।
শেষ ওভারে বল হাতে নজর কাড়েন ২২ বছরের রুশিল উগারকর। ম্যাক্সওয়েলকে ফিরিয়ে মুম্বইয়ের জয় নিশ্চিত করেন তিনি। আইপিএলে অধিনায়ক বদলেও সাফল্য আসেনি, তবে আন্তর্জাতিক লিগে ট্রফি জিতে নিজেদের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আধিপত্য ফের একবার প্রতিষ্ঠিত করল মুম্বই ইন্ডিয়ান্স। প্রশ্ন উঠছে, যাঁরা বিদেশে বাজিমাত করছেন, তাঁরা কি ঘরোয়া টিম গঠনে বড় ভূমিকা পাবেন না।







