বর্তমানে বলিউডে নতুন নতুন কনসেপ্টের সিনেমা আসছে। বিশেষ করে হরর কমেডির জনপ্রিয়তা নেহাত কম নয়। আর হরর কমেডির নাম উঠলে ম্যাডক ফিল্মসের ভুতুড়ে ব্রহ্মাণ্ডের কথা তো তুলতেই হয়। সম্প্রতি দিওয়ালিতে ম্যাডক ফিল্মসের ভুতুড়ে ব্রহ্মাণ্ডের নতুন সিনেমা‘থামা’রিলিজ হয়েছে। প্রথমে‘স্ত্রী’, তারপর‘স্ত্রী ২’ তারপর এক এক করে‘মুঞ্জিয়া’, ‘ভেড়িয়া’আর এখন‘থামা’। রিলিজের দিনেই দুরন্ত রেজাল্ট করেছে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবি। যা ওপেনিং কালেকশনেই ভেঙে দিয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি‘সাইয়ারা’র রেকর্ড। তবে দ্বিতীয় দিন থেকে নিস্তব্ধতা ছেয়ে গেল‘থামা’এর আসরে।
সূত্রের খবর, ২১ অক্টোবর রিলিজের দিন ২৪ কোটি টাকার ব্যাবসা করে‘থামা’। কিন্তু দ্বিতীয় দিনে সেই ব্যবসার অঙ্ক কমে গিয়ে দাঁড়ায় ১৮.৬ কোটি টাকার ঘরে। তৃতীয় দিনে ১৩ কোটি আর চতুর্থ দিন, শুক্রবার আরও নিম্নগামী হয়ে মোটে ৯.৫৫ কোটি টাকার ব্যবসা করে এই হরর কমেডি জঁরের সিনেমা। চার দিনে জাতীয় স্তরে ‘থামা’র আয় মোট ৬৫.১৫ কোটি টাকা। আবার অন্যদিকে বিশ্বব্যাপী এখনও মোট ৯৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই সিনেমা। অগ্রীম বুকিংয়ের ঝড় দেখে সকলেই উচ্ছ্বসিত ছিলেন। অনেকেই মনে করেছিলেন খুব ভালো ব্যাবসা করবে এই সিনেমা। কিন্তু সেই আশা পূরণ হলোনা। তবে এখনও বাকি আছে শনি বার। দেখার বিষয় আজকে কি খেলা দেখায়‘থামা’।







