বিশ্ব

পাকিস্তানে রক্তক্ষয়ী জঙ্গি হামলা, পাল্টা অভিযানে নিহত ২৭! ফের আফগানিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

পাকিস্তানের আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলায় বড়সড় জঙ্গি হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সেনা সূত্রের দাবি, বিস্ফোরকবোঝাই একটি ট্রাক নিয়ে সন্ত্রাসীরা সেনা চৌকিতে আত্মঘাতী হামলা চালায়। এই হামলায় ১২ জন পাকিস্তানি সেনাসহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।

হামলার পরপরই এলাকায় ব্যাপক অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। সেনার দাবি, জবাবি অভিযানে ১২ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। ফলে হামলা ও পাল্টা অভিযানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭।

ঘটনার পরই ইসলামাবাদ পরোক্ষভাবে আফগানিস্তানকে কাঠগড়ায় তুলেছে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ চালায়। ইসলামাবাদের দাবি, ২০০৭ সাল থেকে পাকিস্তানের সরকারকে উৎখাত করে কঠোর ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই জঙ্গি সংগঠনগুলি ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে।

অন্যদিকে, আফগানিস্তানের তালেবান প্রশাসন এই হামলার সঙ্গে কোনও ধরনের যোগ থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। কাবুলের বক্তব্য, পাকিস্তানে জঙ্গিবাদ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা এবং এর জন্য আফগানিস্তানকে দায়ী করা ঠিক নয়।

উল্লেখ্য, জঙ্গি ইস্যুকে কেন্দ্র করে গত কয়েক বছরে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক বারবার উত্তপ্ত হয়েছে। সীমান্তে একাধিক সংঘর্ষের পাশাপাশি অতীতে পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলাও চালিয়েছে। সর্বশেষ এই হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক মহলের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.