বিশ্ব

‘মেলোনি আমার প্রতি আসক্ত, রেস্ট্রেইনিং অর্ডার দরকার’— ট্রাম্পের পোস্টে নতুন বিতর্ক, সরগরম আন্তর্জাতিক মহল

আবারও বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে তাঁর করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ মেলোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে ট্রাম্প লেখেন, “রেস্ট্রেইনিং অর্ডার দরকার”। পাশাপাশি দাবি করেন, মেলোনি নাকি তাঁর প্রতি “অতিরিক্ত আসক্ত”। ছবিতে মেলোনিকে ট্রাম্পের দিকে তাকিয়ে হাসতে দেখা গেলেও, সেটিকেই ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এই মন্তব্য সামনে আসতেই নতুন করে সমালোচনার ঝড় ওঠে। কারণ এর আগেও ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনকে ঘিরে ট্রাম্প দাবি করেছিলেন, মেলোনি তাঁর সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। সেই দাবি সরাসরি খারিজ করে ইতালির প্রধানমন্ত্রী বলেছিলেন, “ইতালি কিংবা আমি কখনও কারও কাছে অনুনয় করি না।” তিনি স্পষ্ট জানিয়েছিলেন, দেশের মর্যাদার প্রশ্নে কোনও আপস করবেন না।

ট্রাম্পের সেই মন্তব্যের জেরেই ইতালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছিলেন বলে জানা যায়। ফলে দুই দেশের সম্পর্ক নিয়ে তখন থেকেই নানা জল্পনা শুরু হয়েছিল।

এর মধ্যেই মেলোনিকে নিয়ে ট্রাম্পের নতুন পোস্ট পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। কারণ শীঘ্রই তুরস্কে অনুষ্ঠিত হতে চলা ন্যাটো শীর্ষ সম্মেলনে দুই নেতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সম্মেলনের আগে এমন ব্যক্তিগত মন্তব্য যুক্তরাষ্ট্র-ইতালি সম্পর্কের উপর অস্বস্তির ছায়া ফেলতে পারে।

উল্লেখ্য, একই সময়ে ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাকে নিয়েও একটি বিকৃত ছবি পোস্ট করেছেন, যা নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ট্রাম্পের এই ধারাবাহিক সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে এখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ন্যাটো সম্মেলনে দুই নেতার সাক্ষাৎ এই বিতর্কে নতুন মাত্রা যোগ করে কি না, সেদিকেই নজর কূটনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.