খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পরই দুঃসংবাদ: দর্শনীয় ক্যাচ নিতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত, তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ভারতের সম্মানজনক জয় আসতেই ক্রিকেট মহলে নেমে এসেছে উদ্বেগ। দলের অন্যতম ব্যাটার এবং সদ্য সহ-অধিনায়ক হওয়া শ্রেয়স আইয়ার শেষ ওয়ানডে ম্যাচে আলেক্স কেরির একটি দুর্দান্ত ক্যাচ ধরার সময় গুরুতর আঘাত পান। আশঙ্কা করা হচ্ছিল, ক্যাচ ধরার সময় তার চোট গুরুতর হলেও হতে পারে। সেই আশঙ্কা সত্যি করে, কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা এখন বড়সড় প্রশ্নের মুখে।

শনিবারের ম্যাচে, অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভারে শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়স। হর্ষিত রানার বল আলেক্স কেরির ব্যাটের কানায় লেগে যখন উপরে উঠে যায়, শ্রেয়স তখন বিদ্যুৎ গতিতে পিছন দিকে ছুটতে শুরু করেন। ক্যাচটি তিনি ধরে ফেলেন ঠিকই, কিন্তু টাল সামলাতে না পেরে তাঁর কোমর সজোরে মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই ব্যথায় কাতরে ওঠেন তিনি। সতীর্থরা তাঁকে ঘিরে ধরেন, ছুটে আসেন চিকিৎসক কমলেশ জৈন। চিকিৎসকের কাঁধে ভর দিয়ে কোনোমতে মাঠ ছাড়েন তিনি এবং তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য।

বোর্ডের এক কর্মকর্তা সংবাদসংস্থা ‘পিটিআই’-কে জানান, প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী শ্রেয়সের বাঁ দিকের পাঁজরে বড় ঝাঁকুনি লেগেছে। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার পাশাপাশি, চোট সারানোর পর তাঁকে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (এনসিএ) যেতে হচ্ছে। ওই কর্তা জানাচ্ছেন, “চূড়ান্ত রিপোর্ট দেখার পরেই বোঝা যাবে সেরে উঠতে আরও বেশি সময় লাগবে কি না। হাড়ে চিড় থাকলে সময়টা বাড়তে পারে।” যদি তাঁর সুস্থ হতে ঠিক তিন সপ্তাহ সময় লাগে, তবে ৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের ঠিক আগে তিনি ফিট হতে পারেন। সম্প্রতি লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি নেওয়া শ্রেয়সের জন্য এই চোট আরও বেশি সমস্যা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.