খেলাধুলাদেশরাজনীতি

ইন্দোরে অজি মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানি নিয়ে বিতর্কিত মন্তব্য কৈলাশ বিজয়বর্গীর

বিশ্বকাপের ম্যাচ খেলতে এসে ইন্দোরে দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। এবার এই সংবেদনশীল ইস্যুতে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী এবং বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তাঁর বক্তব্য, এই ঘটনাকে “শিক্ষা হিসেবে নেওয়া উচিত” বিদেশি ক্রিকেটারদের।

মন্ত্রী বলেন, “যখনই কোনও খেলোয়াড় বাইরে যান, তাঁদের উচিত স্থানীয় প্রশাসনকে অবহিত করা। আমরা নিজেরাও যখন বাইরে যাই, তখন স্থানীয় কর্তৃপক্ষকে জানাই। কারণ ভারতে ক্রিকেটারদের জনপ্রিয়তা বিপুল। তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই বাইরে বেরোনো উচিত।”

বিজয়বর্গীয় আরও বলেন, “ইংল্যান্ডে যেমন ফুটবল জনপ্রিয়, ভারতে তেমনই ক্রিকেট। একবার এক ফুটবল খেলোয়াড়ও হেনস্তার শিকার হয়েছিলেন — মেয়েরা তাঁকে ঘিরে জামা ছিঁড়ে দিয়েছিলেন। অনেক সময় খেলোয়াড়রা বুঝতে পারেন না, তাঁরা কতটা জনপ্রিয়। তাই তাঁদেরও সতর্ক থাকা প্রয়োজন। এই ঘটনাটি আমাদের এবং খেলোয়াড়দের জন্য শিক্ষণীয়।”

তাঁর এই মন্তব্যকে ঘিরেই নতুন করে অস্বস্তিতে পড়েছে রাজ্যের বিজেপি সরকার ও বিসিসিআই। বিরোধীরা অভিযোগ তুলেছে, ঘটনার গুরুত্ব না বোঝে দায় বিদেশি খেলোয়াড়দের উপর চাপানোর চেষ্টা করছেন মন্ত্রী।

প্রসঙ্গত, ২৩ অক্টোবর সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোডে ঘুরতে বেরিয়েছিলেন দুই অজি ক্রিকেটার। তাঁদের পিছু নেয় এক বাইক আরোহী, যিনি পরে তাঁদের গায়ে হাত দিয়ে পালিয়ে যায়। তড়িঘড়ি পুলিশে অভিযোগ জানানো হয় এবং তদন্তে নেমে অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। এখন দেখার, বিতর্কিত মন্তব্যের জেরে কৈলাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় কি না তাঁর দল বা রাজ্য প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.