পাটনা: বিহার বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার মহাগঠবন্ধন প্রকাশ করল তাদের যৌথ ঘোষণাপত্র, যার নাম রাখা হয়েছে ‘বিহারের তেজস্বী প্রণ’। এই ঘোষণাপত্রে কর্মসংস্থান, মহিলা ক্ষমতায়ন, শিক্ষা ও সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনার মতো একাধিক বড় পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রাজদ নেতা তেজস্বী যাদব বলেন, “এটা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটা বিহারের পুনর্গঠনের পরিকল্পনা। আমরা বেকারত্ব, দুর্নীতি ও রাজ্যের ব্যাপক অভিবাসন সমস্যা দূর করব।”
ঘোষণাপত্র প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা, ভিআইপি প্রধান মুকেশ সহনি, বামদলগুলির নেতৃত্ব ও অন্যান্য সহযোগী দলের প্রতিনিধি।
পবন খেরা বলেন, “গত ২০ বছরে বিহার পিছিয়ে পড়েছে। এখন পরিবর্তনের সময় এসেছে। এই ঘোষণাপত্রই আগামী বিহারের রূপরেখা।”
ঘোষণাপত্রের মুখ্য দিকগুলো:
প্রতিটি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ার আইন ২০ দিনের মধ্যে আনার প্রতিশ্রুতি
২০ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু
গরিবদের জন্য ₹৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার
মদবন্দি আইন পর্যালোচনা করা হবে
সব জীবিকা দিদিকে স্থায়ী সরকারি মর্যাদা দেওয়া হবে
আইটি পার্ক, দুগ্ধশিল্প, কৃষিনির্ভর শিল্প, স্বাস্থ্য পরিষেবা ও ফুড প্রসেসিং নীতি আনা হবে
পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করা হবে
মনরেগা মজুরি ₹৩০০ প্রতিদিন নির্ধারণ করা হবে
ওয়াকফ আইন স্থগিত রাখার ঘোষণা
মহাগঠবন্ধনের দাবি — এই ঘোষণাপত্র শুধু প্রতিশ্রুতির প্যাকেজ নয়, বরং পরিবর্তনের একটি সুস্পষ্ট রূপরেখা।
তেজস্বী যাদব বলেন, “আমাদের অগ্রাধিকার হবে কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য — যাতে প্রতিটি বিহারবাসী আত্মনির্ভর হতে পারে।”






