খেলাধুলা

তিন বছরে ফুটবলের পতন, আশার আলো দেখছেন বাইচুং

তিন বছরের হতাশার ছায়ায় ঢেকে গেছে ভারতীয় ফুটবল। মাঠে ফলাফলহীনতা, মাঠের বাইরে প্রশাসনিক অস্থিরতা—সব মিলিয়ে অন্ধকারে ঢেকে গিয়েছে দেশের এই জনপ্রিয় খেলা। প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার মতে, এই ক্ষতির দায় পুরোপুরি বর্তায় ফেডারেশনের কাঁধে। তাঁর স্পষ্ট বক্তব্য—“ক্ষতিটা খেলোয়াড় বা সমর্থকদের, কল্যাণ চৌবের নয়।” শুক্রবার গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার দাবা প্রতিযোগিতার উদ্বোধনে এসে ক্ষুব্ধ কণ্ঠে তিনি তুলে ধরলেন ভারতীয় ফুটবলের বর্তমান চিত্র।

বাইচুংয়ের মতে, গত তিন বছরে জাতীয় দলের পারফরম্যান্স যেমন নিচের দিকে নেমেছে, তেমনই বেড়েছে ফেডারেশনের কাজকর্ম নিয়ে দুর্নীতির অভিযোগ। বিশ্বকাপের স্বপ্নভঙ্গ, এশিয়ান কাপে জায়গা না পাওয়া—সবই যেন একের পর এক ব্যর্থতার ধারা। তবে হতাশার মাঝেও আশার আলো দেখছেন এই কিংবদন্তি। শীর্ষ আদালতের নির্দেশে নতুন সংবিধান চালু হওয়াকেই তিনি উন্নতির সম্ভাবনা হিসেবে দেখছেন। তাঁর বিশ্বাস, “নতুন পরিচালকরা আসলে ভারতীয় ফুটবল আবার ঘুরে দাঁড়াবে।”

একইসঙ্গে বর্তমান জাতীয় কোচ খালিদ জামিলের পক্ষে সওয়াল করেছেন বাইচুং। কঠিন সময়ে দায়িত্ব নেওয়া এই কোচকে আরও সময় দিতে আহ্বান তাঁর। “শেষ কয়েকটা ম্যাচে খালিদের হাতে সময় ও সুযোগ দুটোই কম ছিল,” বলেন তিনি।

আইএসএল দেরিতে শুরু হওয়া নিয়েও মতামত দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে, শুধু ফেডারেশন নয়, শীর্ষ আদালত বা ফিফা সময়মতো পদক্ষেপ নিলে এমন পরিস্থিতি তৈরি হত না। “আমি তিন বছর ধরে সংবিধানের অপেক্ষায় ছিলাম,” বলেন বাইচুং, “যদি রায়টা আগে আসত, আজ হয়তো ফুটবলের চিত্রটা সম্পূর্ণ আলাদা হত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.