যে ক্রিকেটার আইপিএলের মঞ্চে বারবার নিজের নেতৃত্বগুণ প্রমাণ করেছেন, তিনিই কি হতে চলেছেন ভারতের সাদা বলের ভবিষ্যৎ অধিনায়ক? কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পর পঞ্জাব কিংসকে ফাইনালে তুলেই ফের আলোচনার কেন্দ্রে শ্রেয়স আয়ার। শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নয়, ধারাবাহিক পারফরম্যান্স এবং ক্রিকেটীয় মস্তিষ্কের জন্য বোর্ডের অভ্যন্তরে তাঁর নাম এখন নেতৃত্বের দৌড়ে।
শ্রেয়সের নেতৃত্বে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস, ২০২3-এ কেকেআর এবং ২০২৪-এ পঞ্জাব কিংস ফাইনালে পৌঁছেছে। অধিনায়কত্ব তাঁর কাঁধে কোনও চাপ ফেলেনি, বরং ব্যাট হাতে আরও পরিণত হয়েছেন। এ বছর আইপিএলে ১৭ ম্যাচে ৬০৪ রান করে তিনি পঞ্জাবের সর্বোচ্চ রান সংগ্রাহক। ফলে বোর্ডের একাংশ মনে করছে, এখনই তাঁকে জাতীয় দলের সাদা বলের অধিনায়ক করা হলে ভবিষ্যতের জন্য দল গঠনে সুবিধা হবে।
বর্তমানে সাদা বলের নেতৃত্ব ভাগ হয়ে রয়েছে রোহিত শর্মা (ওডিআই) ও সূর্যকুমার যাদব (টি টোয়েন্টি)-এর মধ্যে। দু’জনেই ক্যারিয়ারের শেষ পর্যায়ে। ৩০ বছর বয়সী আয়ারের মধ্যে তাই বোর্ড দেখতে পাচ্ছে দীর্ঘমেয়াদি নেতৃত্বের সম্ভাবনা।
গম্ভীর শুভমন গিলকে টেস্ট অধিনায়ক করে যেমন ভবিষ্যতের দিক নির্দেশ করছেন, তেমনি শ্রেয়স আয়ারও হতে পারেন সাদা বলের নতুন যুগের নেতা। বিকল্পের অভাবে নয়, বরং দক্ষতার কারণেই তিনি হয়ে উঠতে পারেন ভারতের পরবর্তী পূর্ণকালীন অধিনায়ক।







