ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন এবার এক নজিরবিহীন ও চরম কূটনৈতিক সংকটের দিকে মোড় নিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে আইসিসি যখন উদ্যোগী হয়ে ঢাকায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল, তখনই ঘটল বিপত্তি। অভিযোগ উঠেছে, আইসিসি-র সেই প্রতিনিধি দলে থাকা ভারতীয় সদস্যকে ভিসা দিতে সরাসরি অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। এই খবর চাউর হতেই ক্রিকেট দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
পুরো ঘটনার সূত্রপাত অবশ্য বেশ কিছুদিন আগে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ইস্যুতে কেকেআর-এর বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে খেলানো নিয়ে ভারতে ব্যাপক জনরোষ তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলের একাংশও শাহরুখ খানের দল ও ভারতীয় বোর্ডের ওপর চাপ বাড়াতে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিসিসিআই কেকেআর-কে নির্দেশ দেয় মুস্তাফিজুরকে ছেড়ে দিতে। অনেকের ধারণা, বিসিবি বিষয়টিকে ভালোভাবে নেয়নি এবং এর পাল্টা জবাব দিতেই তারা ‘নিরাপত্তার’ অজুহাত তুলে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার হুঁশিয়ারি দেয়।
এই জট ছাড়াতেই আইসিসি-র দুই সদস্যের একটি দলের বাংলাদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় সেই পরিকল্পনা ধাক্কা খেল। বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর দাবি, ভারতীয় সদস্যকে ভিসা না দেওয়ায় শেষ পর্যন্ত আইসিসি-র দুর্নীতি দমন ও নিরাপত্তা শাখার প্রধান অ্যান্ড্রু এফগ্রেভকে একাই ঢাকা যেতে হচ্ছে। শনিবার বিসিবি কর্তাদের সঙ্গে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসার কথা রয়েছে। যদিও সরকারিভাবে ভিসা না পাওয়া ওই ভারতীয় সদস্যের পরিচয় গোপন রাখা হয়েছে, কিন্তু নেটমাধ্যমে এক চাঞ্চল্যকর তথ্য ঘুরে বেড়াচ্ছে। অনেক জায়গাতেই দাবি করা হচ্ছে যে, আইসিসি-র সিইও সংযোগ গুপ্তাকেই নাকি বাংলাদেশে ঢোকার অনুমতি দেয়নি ঢাকা। যদি এই দাবি সত্যি হয়, তবে তা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তিকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাবে। এখন দেখার, অ্যান্ড্রু এফগ্রেভের এই একলা লড়াই বিশ্বকাপের জট কাটাতে পারে, না কি ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের ফাটল আরও চওড়া হয়।







