আইপিএল ২০২৬-এ হারের হ্যাটট্রিকে কার্যত বিপর্যস্ত চেন্নাই সুপার কিংস। তরুণ হোক বা অভিজ্ঞ, দলীয় পারফরম্যান্স গোটা শিবিরেই ধাক্কা দিয়েছে। মাঠে যেমন ব্যাটে-বলে ব্যর্থতা স্পষ্ট, তেমনই টিম ম্যানেজমেন্টের কাছে এখন সবচেয়ে বড় উপলব্ধি—মহেন্দ্র সিং ধোনির অভাব। শুধু উইকেটকিপার বা ফিনিশার নয়, নেতা ধোনির উপস্থিতির গুরুত্ব হাড়েহাড়ে টের পাচ্ছে সিএসকে।
তবে ক্রমাগত হতাশার মাঝেও ভক্তদের জন্য আছে জোড়া সুখবর। চোট কাটিয়ে খুব শিগগিরই দলে ফিরতে চলেছেন ধোনি। প্রস্তুতি শিবিরে ‘ক্যাফ মাসল’-এ চোট পাওয়ায় প্রথম তিনটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। ধারণা করা হয়েছিল আরও কিছুদিন সময় লাগবে তাঁর। কিন্তু দলীয় সূত্র ও রেভস্পোর্টসের খবর, ১৫ এপ্রিল চেন্নাইয়ের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেই দেখা যেতে পারে ‘থালা’-কে।
শুধু ধোনিই নন, ফিরতে পারেন দলের নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ থেকেই তাঁকে দলে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত সিএসকে তিনজন বিদেশি ক্রিকেটারকে খেলিয়েছে, এবং তাঁরা তিনজনই বোলার। ফলে টপ অর্ডার ও মিডল অর্ডার দু’দিকেই বিদেশি উপস্থিতি ছিল না। ব্রেভিস এবং ধোনি—দু’জনেই ফিরলে ব্যাটিং শক্তি যেমন বাড়বে, তেমনই দলে ফের আসবে প্রয়োজনীয় লড়াইয়ের মানসিকতা।
এদিকে ধোনির অনুপস্থিতি যে চেন্নাইকে প্রবলভাবে ভোগাচ্ছে, তা স্পষ্ট তাদের পরিসংখ্যানে। আইপিএল ২০২৬-এ এখনও জয়ের মুখ দেখতে পারে নি দল। রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—টানা তিন ম্যাচে বড় ব্যবধানে হার। আরসিবির কাছে ৪৩ রানে পরাজয়ের পর পয়েন্ট তালিকার একেবারে তলানিতে নেমে গিয়েছে সিএসকে। নেট রান রেটও চিন্তার কারণ (-২.৫১৭)।
মরশুমের একেবারে শুরুতেই এমন বিপর্যয়। তবে ধোনি ও ব্রেভিসের সম্ভাব্য প্রত্যাবর্তন চেন্নাই শিবিরে নতুন আশার আলো দেখাচ্ছে—ভক্তরা তাই তাকিয়ে ১৫ এপ্রিলের দিকে।







