বাংলা ক্যালেন্ডারের সবচেয়ে আনন্দঘন দিনগুলোর মধ্যে অন্যতম পয়লা বৈশাখ। আর সেই উৎসবের আবহকেই আরও জমজমাট করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলার এই জনপ্রিয় গেম শো-এর নববর্ষ স্পেশাল এপিসোডে যেন তারকাদের মিলনমেলা বসেছিল।
সম্প্রতি শুট হওয়া এই বিশেষ পর্বে একসঙ্গে দেখা গেল চ্যানেলের একাধিক জনপ্রিয় ধারাবাহিকের মুখচেনা চরিত্রদের। ‘বৃন্দাবন বিলাসিনী’-র কৃষ্ণ-বিনু থেকে ‘ভালোবাসার রং রুট’-এর রূপাই-রেহান—সবাই মিলে গেম শো-এর মঞ্চে হাজির হয়ে দর্শকদের জন্য তৈরি করলেন এক উৎসবমুখর পরিবেশ। সঙ্গে ছিলেন ‘রূপমতী’-র রূপমতী-দেবদত্ত এবং ‘সোহাগে আদরে’-র সোহাগ-সূর্য—ফলে গোটা অনুষ্ঠানটাই হয়ে ওঠে একেবারে তারকাখচিত। নববর্ষ মানেই আনন্দ, আর সেই আনন্দে নাচ-গান না থাকলে কি চলে! এই বিশেষ পর্বেও তার ব্যতিক্রম হয়নি। ‘১০০ বৃন্দাবন’ গানের তালে কৃষ্ণ-বিনুর রোমান্টিক পারফরম্যান্স যেমন দর্শকদের মন জিতে নেয়, তেমনই ‘লাগে উরা ধুরা’-য় রূপমতী-দেবদত্তের এনার্জি ছড়িয়ে পড়ে মঞ্চজুড়ে। অন্যদিকে ‘ফুলকলি’ গানে রূপাই-রেহানের মিষ্টি কেমিস্ট্রি এবং ‘আসো না ভালোবাসো না’-য় সোহাগ-সূর্যের প্রাণবন্ত নাচ দর্শকদের মুগ্ধ করে।
শুধু পারফরম্যান্সই নয়, শুটিংয়ের ফাঁকে তারকারা ভাগ করে নিয়েছেন তাঁদের ছোটবেলার পয়লা বৈশাখের স্মৃতিও নতুন জামা, বাড়ির রান্না আর চৈত্র সেলের কেনাকাটার নস্টালজিয়ায় ভরে ওঠে আড্ডা। সব মিলিয়ে, বাংলা নববর্ষকে ঘিরে এই বিশেষ আয়োজন দর্শকদের জন্য এক অনন্য টেলিভিশন অভিজ্ঞতা হতে চলেছে। তাই এবারের পয়লা বৈশাখে প্রিয় তারকাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চোখ রাখুন ১৫ এপ্রিল, সন্ধ্যা ৭টায়, শুধুমাত্র সান বাংলার পর্দায়।







