বিতর্ক, হতাশা আর প্রতিশ্রুতিশীল পারফরম্যান্স—সব মিলিয়ে রঙিন শুরু ভারত ‘এ’ দলের ইংল্যান্ড সফরের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট। প্রথম দিনেই বিতর্কের কেন্দ্রে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ১৭ রান করে আউট হলেও মাঠ ছাড়তে চাননি তিনি। আম্পায়ারের আউট সিদ্ধান্তে অসম্মত যশস্বী দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, এক হাত কোমরে রেখে চোখে চোখ রাখেন আম্পায়ারের সঙ্গে। কিন্তু বেসরকারি ম্যাচ হওয়ায় রিভিউ না থাকায় শেষমেশ মাঠ ছাড়তে বাধ্য হন।
এই ঘটনা ছায়া ফেললেও ম্যাচে আলো ছড়িয়েছেন লোকেশ রাহুল। টেস্ট দলে প্রত্যাবর্তনের লড়াইয়ে নেমে ১৬৮ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কা। বৃষ্টিতে প্রথম সেশনে সময় নষ্ট হলেও দ্বিতীয় ও তৃতীয় সেশনে ছন্দে ফেরে ভারত। করুণ নায়ারের সঙ্গে চতুর্থ উইকেটে রাহুলের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে, যা দলের রানে স্থায়িত্ব দেয়।
যশস্বীর দ্রুত ফিরে যাওয়া কিছুটা ধাক্কা দিলেও, ওপেনিংয়ের দৌড়ে তিনি যে এখনও এগিয়ে, তা স্পষ্ট। রাহুলের এই ইনিংসের পর টেস্টে তাঁর ওপেনিং সঙ্গী হওয়া কার্যত নিশ্চিত। নীতীশ রেড্ডি ও জুরেল ভাল শুরু করেও ইনিংস বড় করতে পারেননি।
প্রথম দিনের শেষে স্কোরবোর্ডে ভারত ‘এ’ দলের রান ৩১৯/৭। ক্রিজে রয়েছেন তনুশ কোটিয়ান (৫) ও অংশুল কমবোজ (১)। দ্বিতীয় দিন নজর থাকবে বাকি ব্যাটারদের পারফরম্যান্সে এবং যশস্বীর মানসিক প্রত্যাবর্তনের দিকেও।







