অগ্নিগর্ভ বাংলাদেশ! সরকারি চাকরিতে সংরক্ষণ-বাতিলের দাবিতে চলছে ‘রক্তস্নান’। কমপ্লিট শাটডাউন, সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৯।
বাংলাদেশ টিভির সদর দফতরে আগুন বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের ডাকা বনধের মধ্যেই সংঘর্ষ, নেমেছে সেনাদল। অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ।
সূত্রের খবর, এক টেলিভিশন চ্যানেলের সম্প্রচার জোর করে বন্ধ করা হয়েছে। মোবাইলে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে গতকাল সন্ধ্যে থেকে একটি সংস্থার মূল কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে গুলি চালানোর অভিযোগও উঠেছে পুলিসের দিকে।
বাংলাদেশ প্রশাসনের মতে, বৃহস্পতিবার ১৯ জনের মৃত্যু হয়েছে দেশজুড়ে। তাদের মধ্যে ১৩ জনই ঢাকার বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছেন হাসান মেহেদি নামে একজন সাংবাদিক। তিনি স্থানীয় এক সংবাদপত্রে কর্মরত ছিলেন। যাঁর শরীরে গুলির দাগ রয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর।






