খেলাধুলা

প্রথমবার বিশ্বজয়! হরমনপ্রীতদের নিয়ে জাঁকজমকপূর্ণ সেলিব্রেশনের ভাবনা বিসিসিআইয়ের

তেরো বছর আগে যখন ভারত পুরুষ টি-২০ বিশ্বকাপ জিতেছিল, তখন রোহিত শর্মাদের নিয়ে বিরাট সেলিব্রেশন হয়েছিল। এবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ‘উইমেন ইন ব্লু’রা প্রথমবার বিশ্বজয়ের স্বাদ এনে দেওয়ায়, বোর্ডও চাইছে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করতে। তবে এখনই নয়, বোর্ড সূত্রে খবর,কয়েকদিন পরে বিশ্বজয়ী মহিলা দলের জন্য বর্ণাঢ্য অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে ভারতের যাত্রাটা যেন কোনো সিনেমার গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয়। গ্রুপ পর্বে একটা সময় টানা তিনটি ম্যাচে হেরেছিলেন হরমনপ্রীতরা। তখন অনেকেই ভেবেছিলেন ভারত হয়তো সেমিফাইনালেও উঠতে পারবে না। কিন্তু তারপর এবারের বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে তারা সেমিফাইনালে যায়। শেষ চারের লড়াইয়ে অপরাজেয় অস্ট্রেলিয়াকে হারান জেমাইমা রডরিগেজরা। এরপর টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েন তাঁরা।
মেয়েদের হাতে প্রথমবার বিশ্বকাপ দেখে উচ্ছ্বসিত গোটা দেশ। তাই জেমাইমা রডরিগেজ, স্মৃতি মান্ধানাদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হতে পারে। তবে রোহিতদের মতো হুডখোলা বাসে চাপিয়ে স্টেডিয়াম পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আপাতত নেই।

বোর্ড সূত্রে যতটুকু জানা যাচ্ছে, আগামী ৭ নভেম্বরের পর বিশ্বজয়ী এই মহিলা টিমকে সংবর্ধনা দেবে বোর্ড। কোথায় এই অনুষ্ঠান হবে, সেই জায়গাটিও এখনও চূড়ান্ত হয়নি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানাচ্ছেন, আগামী ৪ থেকে ৭ নভেম্বর দুবাইতে আইসিসি বৈঠক হবে। বোর্ডের শীর্ষকর্তারা সেখানেই ব্যস্ত থাকবেন। সেই মিটিং শেষ করে ভারতে ফিরে আসার পরই বিজয় সংবর্ধনার আয়োজন করা হবে হরমনপ্রীতদের জন্য।
ইতিমধ্যেই বোর্ড বিশ্বজয়ী দলের জন্য ৫১ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। তবে কবে এবং কীভাবে প্রথমবার বিশ্বকাপ জেতা মহিলা দলকে নিয়ে গোটা দেশ সেলিব্রেশনে মাতবে, সেই দিনক্ষণ এখনও স্থির হয়নি।উল্লেখ্য, গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পরে মুম্বইয়ের রাস্তায় জনসমুদ্র তৈরি হয়েছিল। কাতারে কাতারে জনতা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ছিলেন রোহিত-বিরাটদের রাজার বেশে বিশ্বকাপ নিয়ে আগমনের জন্য। আবারও কি তেমনই মেগা সেলিব্রেশনের ছবি দেখা যাবে হরমনদের হাত ধরে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.