আবহাওয়া

নিম্নচাপ-ঘূর্ণাবর্ত-অক্ষরেখার ত্রিশূল! রাজ্যজুড়ে শুরু টানা ঝড়বৃষ্টির অভিযান

নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগরে ফের সক্রিয় মৌসুমি ঘূর্ণাবর্ত! উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অঞ্চলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। সেইসঙ্গে রাজ্যজুড়ে এখন সক্রিয় অক্ষরেখা এবং একটি শক্তিশালী ঘূর্ণাবর্তও। এই ত্রিমুখী আবহাওয়াগত প্রভাবেই রাজ্যে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উপকূল থেকে পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গ—সব অঞ্চলেই সপ্তাহজুড়ে চলতে পারে দফায় দফায় বৃষ্টি। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। ইতিমধ্যেই একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

দক্ষিণবঙ্গে টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা, কোথায় কবে ভারী বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে রবিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আগামী সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমানের বিস্তীর্ণ অংশে। সোমবার উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই কারণে জারি হয়েছে হলুদ সতর্কতা।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। সপ্তাহের শেষে ফের বৃষ্টির তীব্রতা বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও সতর্কতা, পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের আট জেলাতেই সোমবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বর্ষণের সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বুধবারেও এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোচবিহারেও সতর্কতা জারি করা হয়েছে।

সাগরে তাণ্ডবের পূর্বাভাস, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের
নিম্নচাপ অঞ্চল ও ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বাতাসের গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। সতর্ক করা হয়েছে নদীপথেও।

আষাঢ়ের মাঝপথে এমন লাগাতার নিম্নচাপ-ঘূর্ণাবর্ত-অক্ষরেখার সংমিশ্রণ বর্ষাকে চাঙ্গা করলেও, জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছেই। চাষাবাদে উপকার মিললেও, জল জমে শহরাঞ্চলে বেহাল হতে পারে স্বাভাবিক চলাচল। সেইসঙ্গে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আপাতত রাজ্যবাসীকে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.