ক্রাইমজেলা

ভোটের মুখে ভাঙড়ে বিস্ফোরক উদ্ধার, নতুন থানার উদ্বোধনের আগের রাতেই ২৮ তাজা বোমা ও বন্দুক মিলল

বিধানসভা ভোটের আগে উত্তপ্ত ভাঙড়। নতুন থানার উদ্বোধনের আগের রাতেই বানিয়ারা গ্রাম থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর কাশীপুর থানা ভেঙে তৈরি হওয়া বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন হওয়ার কথা। তার আগের রাতেই গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল বাহিনী বানিয়ারা গ্রামে অভিযান চালায়। সেখান থেকে সামিম খান নামে এক ব্যক্তির বাড়ির রান্নাঘর থেকে প্লাস্টিকের ড্রামে রাখা ২৮টি তাজা বোমা এবং বস্তায় লুকোনো একটি লগ শর্টার বন্দুক উদ্ধার হয়।
পুলিশের দাবি, সামিম খান আইএসএফের কর্মী। তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আইএফএফ নেতা শেখ হাকিমকেও। অভিযোগ, কয়েকদিন আগে শেখ হাকিম অস্ত্রগুলি এনে সামিমের বাড়িতে মজুত করে রেখেছিলেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র মজুতের নেপথ্যে কারা রয়েছে এবং ভোটের আগে কোনও অশান্তির ছক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
অভিযানের সময় গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সামিম একটি দোকানে কাজ করেন। রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সক্রিয় যোগ রয়েছে কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে হঠাৎ এত বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বোমা উদ্ধারের ঘটনায় আইএসএফকে দায়ী করেছেন। অন্যদিকে আইএসএফের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
ভোটের প্রাক্কালে ভাঙড়ে এই বিস্ফোরক উদ্ধার প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নতুন থানার উদ্বোধনের আগেই এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.