আজ International Mother Tongue Day। ভাষা শহিদদের স্মরণে যখন রাজ্য জুড়ে পালিত হচ্ছে একুশের আবেগ, ঠিক সেই দিনেই বঙ্গ রাজনীতির সমীকরণে মিলল কি নতুন ইঙ্গিত? কলকাতার Deshapriya Park-এ সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র পাশে দেখা গেল বিজেপি সাংসদ Anant Maharaj-কে। শুধু উপস্থিতিই নয়, মুখ্যমন্ত্রীর হাত থেকেই তিনি গ্রহণ করলেন রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’। আর তাতেই জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা।
সম্মান গ্রহণের পর অনন্ত মহারাজের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, “বিজেপি কোচবিহার এবং রাজবংশীদের জন্য কিছুই করেনি। আজ যে সম্মান জানানো হল, তার জন্য দিদিকে ধন্যবাদ।” বিধানসভা ভোটের মুখে এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে— তবে কি উত্তরবঙ্গে সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে?
গেরুয়া শিবিরে অস্বস্তি?
রাজ্যসভায় বিজেপির সমর্থনে গেলেও গত কয়েক মাস ধরেই গেরুয়া শিবিরের সঙ্গে অনন্তর দূরত্ব স্পষ্ট ছিল। মাঝেমধ্যেই দলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। এই আবহেই কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক Bishnu Prasad Sharma সম্প্রতি ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। তার রেশ কাটতে না কাটতেই কলকাতার মঞ্চে অনন্তর এই উপস্থিতি রাজনৈতিক বার্তাবাহী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উত্তরবঙ্গ ফ্যাক্টর
উত্তরবঙ্গের রাজবংশী ভোটব্যাঙ্কে অনন্ত মহারাজের প্রভাব অনস্বীকার্য। পৃথক গ্রেটার কোচবিহারের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় তিনি। এর আগে তাঁর কোচবিহারের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-র সঙ্গেও তাঁর সুসম্পর্কের কথা রাজনৈতিক মহলে বহুলচর্চিত। ফলে বঙ্গবিভূষণ গ্রহণের মুহূর্তে তাঁর সৌজন্যপূর্ণ অবস্থানকে নিছক প্রোটোকল বলে উড়িয়ে দিতে নারাজ বিশ্লেষকেরা।
সম্মান না রাজনৈতিক বার্তা?
বিজেপি নেতৃত্ব আপাতত এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না। তবে তৃণমূলের অন্দরে স্পষ্ট উচ্ছ্বাস। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, উত্তরবঙ্গে হারানো জমি পুনরুদ্ধারে প্রভাবশালী রাজবংশী নেতাকে কাছে টানার কৌশল হতে পারে এটি। অন্যদিকে, বিজেপির অন্দরে বাড়ছে অস্বস্তি— বিশেষত বিষ্ণুপ্রসাদ শর্মার দলত্যাগের পর।
দেশপ্রিয় পার্কের মঞ্চে বঙ্গবিভূষণ প্রদান— তা কি কেবল সাংস্কৃতিক সম্মান, নাকি ২০২৬-এর ভোটের আগে বড় রাজনৈতিক সমীকরণের পূর্বাভাস? উত্তরবঙ্গের রাজনীতিতে এই ‘রয়্যাল’ রসায়ন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।







