ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া চোট কাটিয়ে সবেমাত্র বাইশ গজে ফিরেছিলেন। কিন্তু ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের ওপর যেন দুর্ভাগ্য পিছু ছাড়ছে না! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ‘এ’ দলের একটি বেসরকারি টেস্ট ম্যাচে তিনি মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিন-তিনবার গুরুতর আঘাত পেয়েছেন। এই কারণে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে পন্থের ফিটনেস নিয়ে বিরাট দুশ্চিন্তার মেঘ তৈরি হয়েছে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে চলা এই ম্যাচে পন্থ ছিলেন ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক। প্রথম ইনিংসে তিনি ২৪ রান করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামার পর এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়।
শুরুতে পন্থ অবশ্য দারুণ আক্রমণাত্মক ছিলেন, পরপর চার, চার এবং ছয় হাঁকান। এর পরই শুরু হয় বিপত্তি। মোরেকির বলে মিড উইকেটে শট মারতে গিয়ে ভুল করায় বলটি সজোরে এসে তাঁর হেলমেটে আঘাত করে। টাল সামলাতে না পেরে পন্থ মাটিতে লুটিয়ে পড়েন। কনকাশন টেস্টের পর আবার তিনি ব্যাটিং শুরু করেন। তবে কিছুক্ষণ পরই মোরেকির আরেকটি শর্ট ডেলিভারি তাঁর বাঁ হাতে লাগে। যন্ত্রণায় কাতর পন্থ গ্লাভস খুলে ফেলেন। ফিজিও শুশ্রূষা করলেও পন্থ ফের ব্যাট ধরেন।
বিপত্তি চরম পর্যায়ে পৌঁছায় যখন মোরেকির আরও একটি বল এসে সোজা লাগে পন্থের তলপেটে। মাত্র ২০ মিনিটের মধ্যে তিনবার আঘাত পাওয়ার পর ফিজিও এলেও, এইবার আর ঝুঁকি নিতে রাজি হননি তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে সোজা ড্রেসিংরুমে ফিরে যান পন্থ।
এই আঘাতগুলি কতটা গুরুতর, তা এখনও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগে এমন ঘটনায় ভারতীয় দলের ম্যানেজমেন্টের উদ্বেগ বাড়ল। ভক্তরাও এখন চিন্তিত তাঁদের প্রিয় তারকা কি সময়মতো ফিট হয়ে ফিরতে পারবেন?







