রাজ্য

আমাকে ক্ষমা করে দিও মা-বাবা’, নিটের চাপের বলি আরও এক তরুণ! হস্টেলে মিলল ২১ বছরের পড়ুয়ার ঝুলন্ত দেহ

পড়ালেখার চাপ, ব্যর্থতার ভয় আর বাবা-মায়ের স্বপ্ন পূরণের বোঝা এই কঠিন মানসিক লড়াইয়ের সাক্ষী থাকল একটি সুইসাইড নোট। তাতে শুধু লেখা, ‘আমাকে ক্ষমা করে দিও’। নিট (NEET) পরীক্ষার প্রস্তুতির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন ২১ বছরের মহাম্মদ আন। শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটল। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)-এর জন্য প্রস্তুতি নিচ্ছিল রামপুরের বাসিন্দা মহাম্মদ আন। পড়াশোনার সুবিধার জন্য সে মাত্র চারদিন আগেই কানপুরের রাওয়াতপুরে একটি হস্টেলে উঠেছিল। সে তার বন্ধু ইমদাদ হাসানের সঙ্গে একই ঘরে থাকত।
জানা গিয়েছে, ঘটনার দিন, শুক্রবার বিকেলে ইমদাদ নামাজ পড়তে যাওয়ার সময় আনকে ডেকেছিল। কিন্তু আন যেতে রাজি হয়নি। কিছুক্ষণ পর ইমদাদ ফিরে এসে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় সে বাধ্য হয়ে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে এবং সিলিং ফ্যানে গলায় দড়ি দেওয়া অবস্থায় মহাম্মদ আন-এর নিথর দেহটি উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, “মা-বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি খুব চাপের মধ্যে আছি। তোমাদের স্বপ্ন পূরণ করতে পারব না হয়তো। তাই নিজেই নিজের জীবন নিতে বাধ্য হলাম। এর দায় সম্পূর্ণ আমার।” পুলিশ সূত্রে খবর, আনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, পড়াশোনার অতিরিক্ত চাপ এবং ভবিষ্যতের উদ্বেগই এই তরুণকে এমন চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে।

একই ধরনের ঘটনা সেপ্টেম্বরেও
মাত্র দু’মাস আগে, সেপ্টেম্বরেও মহারাষ্ট্রে এমনই একটি ঘটনা সামনে এসেছিল। সেখানে ১৯ বছরের অনুরাগ অনিল বোরকার নামের এক তরুণ ডাক্তার হতে চাননি, তবুও বাবা-মায়ের স্বপ্ন পূরণের চাপ ছিল তার ওপর। নিট পরীক্ষায় প্রায় সর্বোচ্চ নম্বর পেয়েও সে মেডিকেলে ভর্তি হতে যাওয়ার ঠিক আগের দিন সকালে বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সুইসাইড নোটে সে লিখে গিয়েছিল যে পরিবারের চাপ সামলাতে গিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। স্থানীয় মানুষের দাবি ছিল, মেধাবী হলেও পরিবারের ইচ্ছেতেই অনুরাগ মেডিকেলে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই ধরনের ঘটনা বারবার দেশের ও বাবা-মায়ের উচ্চাকাঙ্ক্ষার চাপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.