ত্রিপুরার বিরুদ্ধে ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে রেলওয়েজের বিরুদ্ধে রনজি অভিযানে নামল বাংলা। শনিবার সুরাটের লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে ম্যাচের শুরুটা মোটেই ভাল ছিল না, তবে অনুষ্টুপ মজুমদার এবং শাহবাজ আহমেদের দাপটে প্রথম দিনের শেষে স্বস্তিতে দিন শেষ করল বাংলা — স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৭৩।
অভিমন্যু ঈশ্বরণ ভারতীয় ‘এ’ দলের দায়িত্বে, অভিষেক পোড়েল রয়েছেন রাইজিং স্টার এশিয়া কাপে। ফলে ফের অধিনায়কত্বের দায়িত্ব পড়ে সুদীপ ঘরামির কাঁধে। টসে জিতে ব্যাটিং নিলেও ব্যাটারদের ভয়াবহ ব্যর্থতায় বিপাকে পড়ে বাংলা। ওপেনার আদিত্য পুরোহিত (৬), অধিনায়ক সুদীপ (০) ও সুরজ সিন্ধু (৫) ব্যর্থ। ২৬.৩ ওভারে বাংলার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৭— আধুনিক ক্রিকেটে এমন ধীরগতির ব্যাটিং প্রায় বিরল।
কিছুটা লড়াই দিলেও ৯০ বলে ২৮ রান করে আউট হন শাকির গান্ধী। সেখান থেকে ৬১/৪ অবস্থায় ধুঁকতে থাকা বাংলাকে ভরসা দেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ। দু’জনের আক্রমণাত্মক জুটিতে ওঠে ১৩৪ রান। ১০৬ বলে ৮৬ রান করে আউট হন শাহবাজ। দিনের শেষে অপরাজিত অনুষ্টুপ ১৬১ বলে ১০৩ রান করে দলের হাল ধরেছেন। সঙ্গী সুমন্ত গুপ্তও (৫৬ বলে ৩৯*) অপরাজিত রয়েছেন।
রেলওয়েজের হয়ে কুণাল যাদব নেন ৩ উইকেট, আদর্শ সিং ও করণ শর্মা পান ১টি করে উইকেট।
দ্বিতীয় দিনের সকালে যদি অনুষ্টুপ-সুমন্ত জুটি আরও কিছুক্ষণ টিকে যেতে পারেন, তাহলে বড় রান গড়ে নিতে পারে বাংলা।
উল্লেখ্য, তিন ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপের তিন নম্বরে রয়েছে বাংলা।







