বেতন বকেয়া থাকার অভিযোগ ঘিরে মহমেডান স্পোর্টিং ক্লাব আবারও বিতর্কের কেন্দ্রে। সাদা-কালো শিবিরের একাধিক ফুটবলার তাঁদের বেতন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়েরের অভিযোগ, তাঁর দু’মাসের বেতন বাকি। ব্রাজিলীয় ফরোয়ার্ড কার্লোস ফ্রাঙ্কার দাবি, তিন মাস ধরে তিনি বেতন পাননি। অথচ, ক্লাব কর্তৃপক্ষ এই অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
মহমেডানের কার্যনির্বাহী সভাপতি কামারুদ্দিন দাবি করেছেন, বেতন বকেয়া থাকার কোনও সত্যতা নেই। বেশির ভাগ ফুটবলারের বেতন ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। চুক্তিগত সমস্যার কারণে কিছু ফুটবলারের বেতন আটকে আছে, তবে সেটিও দ্রুত সমাধান করা হবে। তাঁর কথায়, “বেতন নিয়ে সমস্যা থাকলে ফুটবলারদের জানিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে দলের খারাপ পারফরম্যান্সের কোনও সম্পর্ক নেই।”
তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। মহমেডানের সাম্প্রতিক ব্যর্থতা কি শুধুই ফুটবলারের ফর্মহীনতা? নাকি এর পিছনে আরও গভীর সমস্যার ইঙ্গিত লুকিয়ে আছে? কামারুদ্দিন স্বীকার করেছেন, দল গঠনে ভুল ছিল। বাঙ্কারহিলের তৈরি দল সঠিক মানের হয়নি। ট্রান্সফার উইন্ডোতে পরিবর্তনের চেষ্টা চলছে।
মাঠের বাইরে অর্থনৈতিক বিতর্ক এবং মাঠে টানা পাঁচ ম্যাচে হার। ঐতিহ্যবাহী ক্লাবটির সামনে চ্যালেঞ্জ এখন শুধুই পারফরম্যান্স ফিরিয়ে আনা নয়, সমর্থকদের আস্থাও পুনরুদ্ধার করা।







