অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে গুরুতর আঘাত পেয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটার শ্রেয়স আয়ার। পাঁজর থেকে রক্তক্ষরণের মতো কঠিন পরিস্থিতি সামলে তাঁকে বেশ কিছু দিন হাসপাতালেও কাটাতে হয়েছে। অবশেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং প্রথমবার প্রকাশ্যে এলেন তারকা ক্রিকেটার। শ্রেয়সের দ্রুত সুস্থ হয়ে ওঠায় ভারতীয় ক্রিকেট শিবিরে স্বস্তির হাওয়া।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আপাতত ক্রিকেট থেকে দূরে ছুটি কাটাচ্ছেন শ্রেয়স। সমুদ্রসৈকতে রোদ পোহানোর একটি ছবি তিনি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মাথায় হ্যাট এবং চোখে রোদচশমা পরে হাসি মুখে বসে আছেন তিনি।ছবিটি শেয়ার করে শ্রেয়স লেখেন, “সূর্যের তাপ শরীরের পক্ষে খুব ভাল। ফিরতে পেরে খুব ভাল লাগছে। প্রত্যেকের ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।” তাঁর এই পোস্ট থেকে স্পষ্ট যে, তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। শ্রেয়স এখন কোথায় আছেন, তা জানা না গেলেও, মনে করা হচ্ছে তিনি বিদেশের কোনো সমুদ্রসৈকতে অবকাশ যাপন করছেন।
গত ২৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সময় একটি ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোট পান শ্রেয়স। চোটের তীব্রতা এতটাই ছিল যে সাজঘরে ফেরার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয় এবং আইসিইউ-তে (ICU) রাখা হয়েছিল। পাঁজর থেকে রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসকেরাও চিন্তায় ছিলেন।ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি বিসিসিআই-এর মেডিক্যাল দল এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও তাঁর নিয়মিত খোঁজখবর রাখছিলেন।আপাতত শ্রেয়সকে প্রায় তিন মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজ়েও তাঁর খেলার সম্ভাবনা নেই। ভারতীয় ক্রিকেট মহল এখন শুধু তাঁর দ্রুত এবং সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায়।






