ফুটবলপ্রেমীদের জন্য এলো একটি আবেগঘন খবর। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, পর্তুগিজ কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই জানালেন, ২০২৬ বিশ্বকাপ হবে তাঁর খেলোয়াড়ি জীবনের শেষ বিশ্বকাপ। আগামী বছর বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৪১ বছর। ততদিনে তাঁর কেরিয়ারে ১০০০ গোল জমা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন শুধু অধরা বিশ্বকাপটাই জেতার লড়াই থাকবে আমেরিকায়।বর্তমানে রোনাল্ডোর গোল সংখ্যা ৯৫৩। সামনেই রয়েছে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। পর্তুগাল এখন ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে আছে, ফলে তাদের যোগ্যতা অর্জন সময়ের অপেক্ষা মাত্র। দীর্ঘ ফুটবল জীবনে একবার ইউরো কাপ ও দু’বার উয়েফা নেশনস লিগ জিতলেও, অধরা রয়ে গিয়েছে শুধু বিশ্বকাপ জয়।
২০২৬ সালে আমেরিকা-কানাডা-মেক্সিকোতে আয়োজিত টুর্নামেন্টে সেটাই হবে তাঁর শেষ লক্ষ্য। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা নিজের শেষ বিশ্বকাপ নিয়ে বলছেন “বিশ্বকাপের সময় আমার বয়স হবে ৪১ বছর। আমার মতে, সেটা খুব বড় প্রতিযোগিতা হতে চলেছে আমার জন্য। হ্যাঁ, ওটাই আমার শেষ বিশ্বকাপ হবে।”
আল নাসেরের এই তারকা ইঙ্গিত দিয়েছেন যে আন্তর্জাতিক কেরিয়ারেও তিনি দ্রুতই ইতি টানবেন। তিনি আরও বলেন, “সত্যি কথা বলতে, সেটাও তাড়াতাড়ি হবে। হয়তো আরও এক-দু’বছর ফুটবল খেলব।”অন্যদিকে, রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও ২০২৬-এর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মেসি আগেই জানিয়েছিলেন, “আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।”
এবার রোনাল্ডোও জানালেন ২০২৬-এর বিশ্বকাপই শেষ। এতে স্পষ্ট, বিশ্ব ফুটবলের এক বর্ণময় যুগ দ্রুতই শেষ হতে চলেছে। আগামী ১৪ নভেম্বর আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের একটি ম্যাচ রয়েছে।







