বাংলাদেশ জুড়ে ফের উত্তেজনা। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, ও রাজশাহীসহ একাধিক জেলায় গত তিনদিনে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল পর্যন্ত এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। পরিবহণ শ্রমিক, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষজনের দৈনন্দিন জীবনযাত্রা তাতে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোর সঙ্গে তাদের যোগ থাকতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে ঢাকা ও আশপাশের জেলাগুলিতে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি স্থাপনায় পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।
এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে “জুলাই জাতীয় সনদ” বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, “কিছু রাজনৈতিক দল বিভিন্ন শর্ত দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”
ইতিমধ্যেই জামায়াতসহ আটটি দল তাদের পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, নির্বাচনের দিন গণভোট আয়োজন ও জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ ইস্যু নিয়েও সরব রয়েছে বিএনপি ও অন্যান্য বিরোধী দল।
এছাড়া, আসন্ন ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়েও দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে।
সব মিলিয়ে, অগ্নিসংযোগ, গ্রেফতার ও রাজনৈতিক পাল্টা কর্মসূচির আবহে জাতির উদ্দেশে মুহাম্মদ ইউনূসের ভাষণকে ঘিরে দেশজুড়ে জোর জল্পনা তৈরি হয়েছে।







