ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া জায়গা করে নিলেন ডায়মন্ড লিগের ফাইনালে। আগামী ২৭ ও ২৮ আগস্ট সুইৎজারল্যান্ডের জুরিখে বসতে চলেছে মরসুমের চূড়ান্ত আসর।
বর্তমানে কিংবদন্তি কোচ ইয়ান জেলেজনির অধীনে অনুশীলন করছেন নীরজ। তিনি আগেই জানিয়েছিলেন, কোচের স্থায়ী রেকর্ড ভাঙাই তাঁর স্বপ্ন। ১৯৯৬ সালে জেলেজনি ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন, যা এখনও বিশ্বরেকর্ড।
চলতি মরসুমে নীরজের পারফরম্যান্সও নজরকাড়া। দোহা ডায়মন্ড লিগে তিনি ৯০.২৩ মিটার নিক্ষেপ করে প্রথমবার নব্বই মিটারের সীমা ছুঁয়েছিলেন। জুন মাসে প্যারিসে ৮৮.১৬ মিটার ছুঁড়ে সোনা জয় করেন তিনি। দুটি প্রতিযোগিতা থেকে মোট ১৫ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নীরজ। তাঁর আগে রয়েছেন ওয়ালকট (১৭ পয়েন্ট) এবং জুলিয়ান ওয়েবার (১৫ পয়েন্ট)।
ফাইনালে নীরজের পাশাপাশি ওয়েবার ও ওয়ালকটের মতো নামী তারকাদেরও দেখা যাবে। নীরজ নিজেই জানিয়েছেন, অন্তত ৯৫ মিটার অতিক্রম করাই তাঁর এখনকার লক্ষ্য।
তবে আন্তর্জাতিক মঞ্চে মিশ্র সাফল্য পেয়েছেন তিনি। টোকিও অলিম্পিক্সে সোনা জিতলেও, প্যারিস অলিম্পিকে দ্বিতীয় স্থানে শেষ করতে হয় তাঁকে। পাকিস্তানের আর্শাদ নাদিম সোনা জেতেন সেই আসরে। আগামী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন নীরজ।







