ভারতীয় ক্রিকেট নির্বাচনে একের পর এক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও অজিত আগরকরের অবস্থান আরও মজবুত হল। শ্রেয়স আয়ার বা যশস্বী জয়সওয়ালের বাদ পড়া নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল সম্প্রতি ঘোষিত এশিয়া কাপ দলকে ঘিরে। কিন্তু বিসিসিআই স্পষ্ট করে দিল, সাফল্যের রেকর্ডই আসল মাপকাঠি। আগরকরের নেতৃত্বেই ভারত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণেই প্রধান নির্বাচক হিসেবে তাঁর মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই নাকি বিসিসিআইয়ের সঙ্গে নতুন চুক্তি সইও করে ফেলেছেন তিনি।
আসলে আগরকরের সময়কালেই ভারতীয় দলে প্রজন্ম পরিবর্তনের কাজ হয়েছে বেশ মসৃণভাবে। টেস্ট এবং টি-টোয়েন্টি—দুটো ফরম্যাটেই দলের রূপান্তর ঘটেছে বড় কোনও ধাক্কা ছাড়াই। বিসিসিআই সূত্রের দাবি, সাফল্যের এই ধারাবাহিকতা এবং খেলোয়াড় বাছাইয়ে তাঁর বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গিই তাঁকে আরও দুই বছরের জন্য দায়িত্বে রেখেছে।
তবে বিতর্কের অভাব নেই। শ্রেয়স আয়ার বা জয়সওয়ালের বাদ পড়া নিয়ে প্রশ্নের মুখে পড়তেই আগরকর ব্যাখ্যা দিয়েছেন, “সবাইকে সুযোগ দেওয়া সম্ভব নয়। অভিষেক শর্মা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করছে। তাই জয়সওয়ালকে অপেক্ষা করতে হবে।” একইভাবে শ্রেয়সের অনুপস্থিতির ক্ষেত্রেও তিনি দায় নেননি, বরং পরিস্থিতিকে দায়ী করেছেন।
ওয়াশিংটন সুন্দরের দলছুট হওয়া প্রসঙ্গে আগরকরের বক্তব্য, “ও এখনও আমাদের পরিকল্পনায় আছে। কুলদীপ, বরুণ, অক্ষররা ধারাবাহিকভাবে খেলছে বলেই ওকে জায়গা দেওয়া যায়নি। কিন্তু ভবিষ্যতে দরকার হলে ফিরবেই।” অর্থাৎ বিতর্ক থাকলেও আগরকরের নির্বাচনী দর্শনে আস্থা রেখেছে বোর্ড। আর সেই আস্থার ফলেই তাঁর ভবিষ্যৎ আপাতত নিশ্চিত।







