বিহারের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার প্রস্তুতি বাংলার। রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে SIR প্রক্রিয়া। এই আবহেই বাংলায় যাতে প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতেই এই বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, বুথ লেভেল অফিসারদের (BLO) পাশ থেকে ওঠা একাধিক অভিযোগ নিয়েই বিস্তর আলোচনা হতে পারে আজকের বৈঠকে। নির্দেশ অনুযায়ী, আজকের মধ্যেই রাজ্যের প্রতিটি জেলায় SIR ফর্ম বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের।
জানা গিয়েছে, আজ বিকেল পাঁচটা থেকে বৈঠকে যোগ দেবেন বিভিন্ন জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক, ওসি ইলেকশন-সহ অন্যান্য পদাধিকারীরা। কেন এই তড়িঘড়ি বৈঠক? কমিশন সূত্রের খবর—একাধিক জায়গা থেকে উঠে আসা ভোটারদের অনুপস্থিতি, মৃত ভোটারদের তালিকা তৈরির অগ্রগতি এবং মাঠপর্যায়ের প্রস্তুতি—এই সব বিষয়েই বিস্তারিত আলোচনা করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
এদিকে, SIR প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে উঠেছে অভিযোগের ঝড়। অভিযোগ, বহু BLO এলোমেলোভাবে বাসস্ট্যান্ড, রাস্তার ধারের চায়ের দোকান, এমনকি রাজনৈতিক নেতার বাড়ি থেকেও SIR ফর্ম বিলি করেছেন। এই ছবি কমিশনের নজরে আসতেই তৎপরতা দেখায় তারা—শোকজের হুঁশিয়ারি দেওয়া হয়, এবং পরে প্রায় আটজন BLO-কে সরাসরি শোকজ নোটিস পাঠায় কমিশন।
নির্বাচন যতো এগোচ্ছে, ততোই বাড়ছে চাপ। তাই SIR প্রক্রিয়ায় কোনও গাফিলতি না হয়, তা নিয়েই আজকের এই জরুরি সভা—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।







