খেলাধুলা

ইডেন বিতর্কে মুখ খুললেন সৌরভ–গম্ভীরের পাল্টা দাবি, বিস্মিত কুম্বলে — টেস্ট শেষে পিচ নিয়ে তীব্র তরজা

ইডেন গার্ডেন্সে আড়াই দিনের মধ্যেই টেস্ট ম্যাচ শেষ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারকে ছাপিয়ে বরং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পিচ বিতর্ক। ম্যাচ শুরুর আগেই উঠেছিল প্রশ্ন, টার্নার উইকেট কি টেস্টের উপযোগী? ম্যাচ শেষে সেই বিতর্ক আরও উসকে দিলেন তিন ভারতীয় কিংবদন্তি— সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর ও অনিল কুম্বলে।

“এটা টেস্টের জন্য ভালো পিচ ছিল না” — সোজাসাপ্টা সৌরভ
ম্যাচ শেষে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন,
“বিতর্কের জায়গা নেই। টেস্টের জন্য এটা ভালো পিচ ছিল না।”

সঙ্গে আরও দাবি, দলের নির্দেশেই তৈরি হয়েছিল এই উইকেট—
“গম্ভীররা এমন পিচই চেয়েছিলেন। নির্দেশও দিয়েছিলেন কিউরেটরকে। আমরা শুধু তাঁদের নির্দেশই অনুসরণ করেছি।”

সৌরভের মতে, ভারত আরও ভালো খেলতে পারে, তবে তার জন্য প্রয়োজন ‘ভালো পিচ’—
“গম্ভীরের অধীনে ইংল্যান্ডে ভারত দারুণ খেলেছিল। ভবিষ্যতেও খেলবে। কিন্তু পাঁচ দিনের টেস্ট জিততে চাইলে সঠিক পিচ চাই।”

শামিকে খেলানোর পরামর্শ
গম্ভীরকে সরাসরি বার্তা দিলেন সৌরভ—
“বুমরাহ, সিরাজ, শামি— এঁদের ভরসা করো। এই বোলাররাই টেস্ট জেতাবে। তিন দিনে নয়, পাঁচ দিনে টেস্ট জিততে হবে।”

“এমন পিচই আমরা চেয়েছিলাম”— গম্ভীর
অন্যদিকে ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের বক্তব্য উল্টো সুরে—
“আমরা যেমন পিচ চেয়েছিলাম, তেমনই পেয়েছি। কিউরেটর খুব সাহায্য করেছেন।”

গম্ভীরের যুক্তি, ব্যাটারদের ধৈর্য থাকলে রান করাই সম্ভব—
“পিচ কঠিন ছিল না। যে ডিফেন্স ঠিক রেখে খেলেছে, সে-ই রান পেয়েছে।”

“ইডেনে এমন পিচ কখনও দেখিনি”— বিস্মিত কুম্বলে
প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে স্পষ্টভাবে জানান,
“অনূর্ধ্ব–১৯ খেলা সময় থেকে ইডেনে আসছি। তিন দিনের মধ্যে পিচ এভাবে আচরণ করতে কখনও দেখিনি। সত্যিই অবাক হয়েছি।”

বিতর্ক থামার লক্ষণ নেই
ইডেনের পিচ নিয়ে তিন ভিন্ন ক্রিকেট-মানসের এমন বিপরীতমুখী মন্তব্যে বিতর্ক আরও তীব্র।
টেস্ট দ্রুত শেষ হওয়ায় দর্শকদের হতাশা, তার সঙ্গে যোগ হয়েছে টিম ম্যানেজমেন্ট বনাম গ্রাউন্ডম্যানশিপ বিতর্ক।
পরের টেস্টে ভারত কোন ধরনের পিচ চাইবে— এখন সেটাই বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.