বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের উত্তেজনার মাঝেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া শিবির। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফিল্ডার এবং অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ ছিটকে গেলেন চোটের কারণে। শুক্রবার ম্যাচের দ্বিতীয় সেশনে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কড়ে আঙুলে গুরুতর চোট পান তিনি। প্রাথমিক চিকিৎসার পরে এক্স-রেতে দেখা যায়, আঙুলের হাড় সরে গিয়েছে। অস্ত্রোপচার অনিবার্য বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। স্বাভাবিকভাবেই ছিটকে গেলেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় থেকেও।
ঘটনাটি ঘটে মিচেল স্টার্কের বলে স্লিপে ফিল্ডিং করার সময়। টেম্বা বাভুমার একটি উড়ন্ত ক্যাচ তালুবন্দি করতে গিয়েই বিপত্তি। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মুখ বিকৃত হয়ে যায় স্মিথের, মাঠেই বসে পড়েন তিনি। মাঠে প্রবেশ করেন চিকিৎসক। সেখান থেকেই সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্মিথকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, স্মিথের চোট গুরুতর। এই মুহূর্তে ফিজিও ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ধারাভাষ্যকার ম্যাথু হেডেন মন্তব্য করেন, “এই প্রজন্মে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার সে। অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্মিথকে।”
প্রশ্ন উঠছে, ফাইনালের শেষ দুটি দিন স্মিথের অভাব কতটা প্রভাব ফেলবে অসিদের পারফরম্যান্সে? দুই ইনিংসেই ব্যাট করলেও মাঠে তাঁর ফিল্ডিং দক্ষতা এবং ঠান্ডা মাথার নেতৃত্বের ছায়া যে মিস করবে অস্ট্রেলিয়া, তা বলাই বাহুল্য। বিশেষ করে বাভুমাদের চাপে রাখার লড়াইয়ে এই ক্ষতি বড় প্রভাব ফেলতে পারে।







