নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর গোটা রাজ্যে নিরাপত্তা আঁটসাঁট। সেই প্রেক্ষিতেই রবিবার ভোরে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার খড়দহ। ঠাকুর কলোনির এক বাড়িতে হঠাৎ বিকট শব্দে উড়ে যায় চালের একাংশ। আতঙ্কে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় হতাহতের খবর না মিললেও বিধ্বস্ত বাড়ির ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকে পোড়া জিনিসপত্র।
খবর পেয়েই দ্রুত পৌঁছয় রহড়া থানার পুলিশ। বাড়ির ভিতর তল্লাশিতে মেলে সন্দেহজনক বারুদের মশলা। ঘটনাস্থল থেকেই আটক করা হয় বাড়ির মালিক অভিজিৎ সিংকে। তাঁর দাবি, “কালীপুজোর সময় তুবড়ি বানানোর পুরনো মশলা থেকেই বিস্ফোরণ হয়েছে।” তবে বাড়িতে এত পরিমাণ বারুদ কেন মজুত ছিল, সেই প্রশ্নে নীরব থাকেন তিনি।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের উৎস হিসেবে বারুদকেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তের বক্তব্য—বাড়িতেই বাজি তৈরি করতেন তিনি—তাও খতিয়ে দেখা হচ্ছে। বাড়িতে বারুদ মজুতের উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
এলাকায় ছড়িয়েছে চরম আতঙ্ক। কালীপুজোর পরও কেন বিপুল পরিমাণে বারুদ বাড়িতে রাখা ছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বাসিন্দাদের মধ্যে। সমস্ত দিক পর্যালোচনা করেই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করছে পুলিশ।







