রাজনীতি

অভিষেকের চিঠিতে সাড়া, অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত মমতাবালা ঠাকুরের; SIR নিয়ে ‘বৃহত্তর আন্দোলন’-এর ডাক মতুয়া মহাসংঘের

এসআইআর বিতর্ক ঘিরে চলা অনশন আন্দোলনে বড় পরিবর্তন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। রবিবার গভীর রাতে তিনি জানান, সোমবার দুপুর ১২টায় অনশন ফরমালি তুলে নেওয়া হবে।

গত কয়েকদিন ধরে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশনে বসেছিলেন মমতাবালা-সহ মোট ১০ জন মতুয়া নেতা-কর্মী। যদিও চিকিৎসাজনিত কারণে আগেই ১৫ জন অনশন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল ঠাকুরবাড়িতে পৌঁছনোর পরেই দ্রুত সিদ্ধান্তে আসে পরিবর্তন।

মমতাবালা ঠাকুর বলেন,
“আগামিকাল বেলা বারোটার সময় অনশন তুলে নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন। তাঁর চিঠিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।”

তবে অনশন প্রত্যাহার মানেই আন্দোলন থেমে যাওয়া নয়—এও স্পষ্ট করে দিলেন তিনি। বলেন, “অনশন তোলা হবে ঠিকই, কিন্তু এবার বৃহত্তর আন্দোলনে শামিল হব আমরা। এসআইআরের নামে কোনও অন্যায় বরদাস্ত করা হবে না।”

এসআইআর সিদ্ধান্তকে কেন্দ্র করে মতুয়া সমাজে বাড়ছে প্রবল উদ্বেগ। আশঙ্কা—এতে বহু মানুষের নাম নথি থেকে বাদ পড়তে পারে। ইতিমধ্যেই বিজেপির অন্দরেও এই ইস্যুতে দেখা দিয়েছে মতভেদ। মতুয়া মহাসংঘের অপর সংঘাধিপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, কেউ বাদ গেলে প্রয়োজনে CAA-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সেই আশ্বাসে উদ্বেগ কমেনি বলেই মতুয়াদের অংশের দাবি।

রাজনৈতিক মহলের মতে, এসআইআর ইস্যুতে মতুয়া সমাজের এই ক্ষোভ ২০২৬-এর ভোট-বাক্সে স্পষ্ট প্রভাব ফেলতে পারে। অনশন প্রত্যাহারের পথ খুললেও আন্দোলন আরও জোরালো রূপ নিলে বঙ্গে রাজনৈতিক অঙ্ক বদলানোর সম্ভাবনাও থেকে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.