দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারলেও ওয়ান ডে ও টি-২০—পরপর দুই সিরিজ জিতে আত্মবিশ্বাসী ভারত। নিউজিল্যান্ড সিরিজের আগে ছুটির মেজাজে ক্রিকেটপ্রেমীরা। সেই আবহেই বড়দিনের প্রাক্কালে ব্যক্তিগত মুহূর্ত কাটাতে প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে ডিনারে বেরিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। কিন্তু রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় অনুরাগীদের সেলফি-ভিড় ও এক অনভিপ্রেত মন্তব্য ঘিরে যে ভিডিও ভাইরাল হয়েছে, তা নিয়ে চর্চা তুঙ্গে।
ঘটনাটি বুধবার সন্ধ্যার। রেস্তোরাঁ থেকে বেরোতেই হার্দিক ও মাহিকাকে ঘিরে ধরেন অনুরাগীরা। সেলফির আব্দার জানালে প্রথমে রাজিও হন ভারতীয় অলরাউন্ডার। মাহিকাকে গাড়িতে তুলে দিয়ে কয়েকজন ভক্তের সঙ্গে ছবি তোলেন তিনি। তবে ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে গাড়ির দিকে এগোন হার্দিক। তখনই এক অনুরাগী কাছাকাছি পৌঁছতে না পেরে দূর থেকে কটু মন্তব্য করেন—যা ভিডিওতে স্পষ্ট শোনা যায়।
এমন পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন প্রতিক্রিয়া দেখাবেন হার্দিক, বিশেষত বান্ধবীর সামনে এমন কথা শোনার পর। কিন্তু কোনও পাল্টা মন্তব্য বা উত্তেজনা ছাড়াই নির্লিপ্ত ভঙ্গিতে গাড়িতে উঠে চলে যান তিনি। এই সংযমী আচরণই নেটদুনিয়ায় প্রশংসা কুড়িয়েছে। বহু নেটিজেনের মতে, এটি তাঁর পরিণতমনস্কতারই পরিচয়।
উল্লেখ্য, এর আগে ব্যক্তিগত পরিসর লঙ্ঘনের অভিযোগে পাপারাৎজিদের বিরুদ্ধে সরব হয়েছিলেন হার্দিক। বান্দ্রার একটি রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় মাহিকার ছবি তোলার ভঙ্গি নিয়ে আপত্তি জানিয়ে তিনি লিখেছিলেন, কোনও মহিলার মর্যাদা ক্ষুণ্ণ করে এমন অ্যাঙ্গেল গ্রহণযোগ্য নয় এবং ব্যক্তিগত মুহূর্তকে সস্তা প্রচারে পরিণত করা অনুচিত। তবে এবার কটু মন্তব্য সত্ত্বেও প্রতিক্রিয়ার পথে হাঁটেননি তিনি।
মাঠে মেজাজ হারানোর জন্য পরিচিত হার্দিক পাণ্ড্য যে সময়ের সঙ্গে আরও সংযত হয়েছেন, এই ঘটনাই তার প্রমাণ—এমনটাই মত ক্রিকেটপ্রেমীদের একাংশের।







