ক্রিকেটের পর আবারও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ক্রীড়াজগতের দাপট। মহিলাদের কবাডি বিশ্বকাপের ফাইনালে সোমবার ভারত ৩৫-২৮ ব্যবধানে হারাল চিনা তাইপেকে। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মুকুট জিতে নিল টিম ইন্ডিয়া। ঢাকার গ্যালারিতে তখন ভারতীয়দের জয়ের উচ্ছ্বাসে উত্তাল পরিবেশ।
পুরো টুর্নামেন্ট জুড়েই অনবদ্য ছন্দে ছিল ভারত। অপরাজিত অবস্থায় সেমিফাইনালে উঠে ইরানকে ৩৩-২১ ব্যবধানে উড়িয়ে ফাইনালে পৌঁছেছিল মেয়েরা। অপরদিকে, কোনও ম্যাচ না হেরে এগিয়ে আসা চিনা তাইপে সেমিফাইনালে বাংলাদেশকে ২৫-১৮ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল। কিন্তু শিরোপা লড়াইয়ে ভারতের শক্তির সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি তারা।
প্রো কবাডির পুনেরি পল্টনের কোচ ও প্রাক্তন ভারত অধিনায়ক অজয় ঠাকুর দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই দল ভারতীয় কবাডির ভবিষ্যত বদলে দেবে।” হরিয়ানা স্টিলার্সের কোচ মনপ্রীত সিংহও দলের ছন্দ, শৃঙ্খলা ও মানসিক শক্তির প্রশংসা করে বিশ্বজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
মোদির অভিনন্দন বার্তা
ভারতীয় মহিলা দলের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় নিজের বার্তায় তিনি লেখেন, “২০২৫ সালের কবাডি বিশ্বকাপ জিতে দেশের সম্মান বাড়ানোর জন্য মহিলা কবাডি দলকে অভিনন্দন। খেলোয়াড়রা অসাধারণ ধৈর্য, প্রতিভা এবং নিষ্ঠার পরিচয় দিয়েছে। এই জয় অসংখ্য যুবক-যুবতীকে কবাডির দিকে এগিয়ে যেতে প্রেরণা দেবে।”
মহিলা কবাডি বিশ্বের দ্রুততম বর্ধনশীল খেলাগুলির একটি। এবারের বিশ্বকাপে অংশ নিয়েছিল মোট ১১টি দেশ। কিন্তু সবার ওপরে উঠে নিজের আধিপত্য প্রমাণ করল ভারত। ক্রিকেটের মতোই কবাডিতেও বিশ্বমঞ্চে ভারতের এই ধারাবাহিক জয়ে নতুন করে উজ্জ্বল হলো দেশের ক্রীড়া-স্বপ্ন।







