কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান মহিলা দল। বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তুমুল আলোচনা শুরু হয়েছে। তবে ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাবেন কি না, তা নিয়ে স্পষ্ট বার্তা দেয়নি বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিত শইকিয়া জানিয়ে দিয়েছেন, ক্রিকেটের নিয়মাবলীর মধ্যে যা কিছু বাধ্যতামূলক, তা মেনে চলা হবে। কিন্তু সৌজন্য বিনিময় হবে কি না, তা নিয়ে নিশ্চয়তা নেই।
পুরুষ এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল। পাহেলগাঁও সন্ত্রাস হামলা ও অপারেশন সিন্দুরের পর প্রথমবার সেই প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হয় ক্রিকেট। সেদিনই ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিল। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযোগ জানালেও, যেহেতু প্রটোকলে এটি বাধ্যতামূলক নয়, তাই কোনও শাস্তি হয়নি। ভারত তাদের অবস্থান থেকে সরেনি। এমনকি ট্রফিও গ্রহণ করেনি পাক মন্ত্রী ও এসিসি প্রধান মহসিন নকভির হাত থেকে।
মহিলা বিশ্বকাপের সূচনায় ইতিমধ্যেই দুরন্ত জয় পেয়েছে ভারত। লঙ্কানদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৫৯ রানে জয় তুলে নেয় হরমনপ্রীত কৌররা। পাকিস্তান দল পুরো টুর্নামেন্টের জন্য কলম্বোতে অবস্থান করছে। নীতিমালায় স্পষ্ট বলা আছে—ভারত ও পাকিস্তান কেবল নিরপেক্ষ ভেন্যুতেই খেলবে। তাই সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হলেও সেটি হবে কলম্বোতেই।
ভারত-পাক ম্যাচকে ঘিরে উত্তেজনা বাড়ছে প্রতিদিন। তবে বিসিসিআইয়ের বক্তব্যে পরিষ্কার, সৌজন্যের চেয়ে নিরাপত্তা ও প্রটোকলই অগ্রাধিকার পাচ্ছে। সেই কারণে ৫ অক্টোবর ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা একে অপরকে হাত মেলাবেন কি না, তা শেষ পর্যন্ত মাঠেই প্রমাণিত হবে।







