বিনোদন

কম পারিশ্রমিকেই ভাঙল পথ, ২০ বছর পর ফের মঞ্চে ‘পরশপাথর’: কোন বদলে ফিরছে বাংলা ব্যান্ড?

বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণযুগে ‘পরশপাথর’ ছিল এক উজ্জ্বল নাম। দুই দশক আগে তাদের গান ঝড় তুলেছিল শহর থেকে জেলা—সবখানেই। কিন্তু হঠাৎই থেমে যায় পথচলা। জনপ্রিয়তা বাড়লেও আর্থিক সঙ্কট ও সদস্যদের পেশাগত ব্যস্ততার কারণে ব্যান্ডের কার্যক্রম থমকে যায়। দীর্ঘ ২০ বছর পরে আবারও তারা একজোট। কী সেই প্রেরণা?

ব্যান্ডের কণ্ঠশিল্পী অয়ন বন্দ্যোপাধ্যায় জানালেন, জনপ্রিয়তার চাপই একসময় বিপরীত দিকে ঘুরিয়ে দেয় চাকা। বাংলায় ব্যান্ড সংগীত করে সংসার চালানো কঠিন ছিল। মুম্বইয়ে কাজের সুযোগ পাওয়ায় একাধিক সদস্য পাড়ি দেন অন্য পথে। অয়ন বলেন, “আমাদের গান মানুষ শুনত ঠিকই, কিন্তু আয় তেমন হতো না। পারিশ্রমিক কম ছিল, সাউন্ড পর্যন্ত আমাদেরই নিতে হত। ফলে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল।”

তবে পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে বলে মনে করেন শিল্পীরা। বাংলা ব্যান্ডের পারফরম্যান্সের বাজারে পারিশ্রমিক বেড়েছে, বৃদ্ধি পেয়েছে শ্রোতার আগ্রহও। সেসবই ফের সাহস জুগিয়েছে ‘পরশপাথর’-কে। অয়ন জানান, আগের মতোই পুরনো সদস্যরাই ফিরছেন—তিনি নিজে, ঋষি, চিরদীপ, কিংশুক, হামটু ও রাজা। এবার সঙ্গে যোগ হচ্ছেন কি-বোর্ডে বুটি ও বেস গিটারে বাচস্পতি। কিছু গানে সমিধও বাজাবেন বেস।

তবে অনিন্দ্য বসু বাদ থাকছেন। এই প্রসঙ্গে অয়নের ব্যাখ্যা, “‘ইচ্ছেডানা’ অ্যালবামের যাঁরা একসঙ্গে ছিলাম, তারাই ফের ফিরছি। অনিন্দ্যদা আলাদা পারিশ্রমিক চেয়েছিল। ও নিজের পথে এগোক, কিন্তু ‘পরশপাথর’কে আবার শ্রোতার সামনে আনার তাগিদ আমাদেরই।”

অয়নের কথায়, ব্যান্ডের সদস্যদের মধ্যে মতের অমিল খুব কমই ছিল, আর সেই সুসম্পর্কই আবার ডাক দিয়েছে পুরনো দলকে। আগামী ১৮ ডিসেম্বর কলকাতার এক প্রেক্ষাগৃহে মঞ্চে ফিরছে ‘পরশপাথর’। দুই দশক পর তাদের পুনর্মিলন ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বাংলা ব্যান্ডপ্রেমীদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.