টলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ইতিমধ্যেই বলিউডে নিজেদের অবস্থান তৈরি করেছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর এবার হিন্দি ছবির জগতে পা রাখতে চলেছেন টালিগঞ্জের আরেক পরিচিত মুখ সুমিত গঙ্গোপাধ্যায়। টানা ১৭ বছরেরও বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সুমিত গঙ্গোপাধ্যায় মূলত খলনায়কের চরিত্রে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। যদিও সাম্প্রতিক সময়ে তার কাজের সংখ্যা কিছুটা কমেছে, তবে অভিনয়ের প্রতি তার ভালোবাসা কখনোই ম্লান হয়নি।
‘খাদান’ ও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর পর সেই অভিজ্ঞতার পরিধি আরও বিস্তৃত হতে চলেছে সরাসরি বলিউডের ছবিতে অভিনয়ের মাধ্যমে। এক সাক্ষাৎকারে সুমিত গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছেন তাঁর বলিউড ডেবিউর কথা। ছবিতে তিনি খলনায়কের ভূমিকাতেই থাকছেন বলে জানিয়েছেন অভিনেতা। পুরোপুরি হিন্দি ভাষার এই ছবির শুটিং হবে মুম্বই এবং কলকাতায়। ছবির গল্প কলকাতার প্রেক্ষাপটে গড়ে উঠেছে। বলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখকেও এই ছবিতে দেখা যাবে। তবে প্রযোজকের নির্দেশে ছবির নাম ও অন্যান্য বিবরণ এখনই প্রকাশ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে শুধুমাত্র খলনায়কের চরিত্রে টাইপকাস্ট হয়ে থাকার আক্ষেপ থাকলেও, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুমিত। বলিউডে তার এই নতুন যাত্রা যে তার কেরিয়ারে এক নতুন দিগন্ত খুলে দেবে, সে বিষয়ে আশাবাদী অভিনেতা নিজেও। টলিউডের দর্শকদের পাশাপাশি এখন সুমিত গঙ্গোপাধ্যায়কে হিন্দি ছবির দর্শকেরাও বড়পর্দায় দেখার অপেক্ষায়।







