প্রথমে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা থাকলেও শেষমেশ বড়পর্দাতেই মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’। প্রথমে এই ছবির মুক্তি নিয়ে পরিকল্পনা ছিল থিয়েটারে, পরে ভারত-পাক পরিস্থিতি বিবেচনায় ওটিটি-তেই রিলিজের সিদ্ধান্ত নিয়েছিল প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস। কিন্তু সেই পরিকল্পনায় বাধ সাধে আইনি জটিলতা। জানা যাচ্ছে, দেশের অন্যতম বড় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর (PVR) এই ছবির মুক্তি সংক্রান্ত একটি পুরনো চুক্তিকে সামনে এনে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। অভিযোগ, প্রাথমিকভাবে ছবিটি বড়পর্দায় মুক্তির চুক্তি হয়েছিল। এরপর ওটিটিতে মুক্তি পেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হত পিভিআর। সেই কারণেই তারা ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করে ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে।
এই আইনি চাপের পরেই মত বদলায় প্রযোজনা সংস্থা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ভুল চুক মাফ’ আগামী ২৩ মে বড়পর্দায় মুক্তি পাবে। ১৫ মে থেকেই ছবির প্রচার শুরু হয়েছে। পাশাপাশি, পিভিআরের সঙ্গে একটি নতুন চুক্তি হয়েছে, যেখানে বলা হয়েছে, বড়পর্দায় মুক্তির এক মাস পর অর্থাৎ ৬ জুনের পরেই ছবিটি ওটিটিতে রিলিজ করতে পারবে। উল্লেখ্য, রাজকুমার রাও এর আগে ‘স্ত্রী ২’ ছবির মাধ্যমে বড়পর্দায় ব্যাপক সাফল্য পেয়েছিলেন। ‘ভুল চুক মাফ’ ও ‘স্ত্রী ২’– দুই ছবি নিয়েই এখন চূড়ান্ত উত্তেজনায় ভক্তরা। সেই সঙ্গে রয়েছে রাজকুমার রাও-এর আরও একটি আসন্ন ছবি ‘মালিক’, যার ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।







