হুগলির উত্তরপাড়ায় আত্মীয়তার পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করার এক বিভীষিকাময় ঘটনা সামনে এল। বাড়িতে অভিভাবকরা অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে এক পিসেমশাই তাঁর নাবালিকা ভাগ্নিকে লাগাতার ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। লোকলজ্জা এবং প্রাণে মারার হুমকির মুখে মেয়েটি এতদিন মুখ খোলেনি। এই জঘন্য অপরাধের কথা প্রকাশ পায় যখন নির্যাতিতা কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। উত্তরপাড়া এলাকার এই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা পরিবারকে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। এরপরই পরিবারের সদস্যরা জোর করলে মেয়েটি তার পিসেমশাইয়ের ঘৃণ্য কাজের কথা খুলে বলে।
ঘটনা জানার পর আর সময় নষ্ট না করে পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অভিযুক্তকে হাওড়ার জগদীশপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় মানুষজন ওই পাষণ্ডের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।







