ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার পরিবারে নেমে এসেছে চরম বিষাদ। রহস্যজনক পরিস্থিতিতে তাঁর শ্যালক জিৎ পাবারির মৃতদেহ উদ্ধার হয়েছে রাজকোটে তাঁর বাড়ি থেকে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এটি আত্মহত্যার ঘটনা। মালবীয়নগর থানার পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
বুধবার সকালে জিৎ পাবারির নিথর দেহ তাঁর বাড়িতে খুঁজে পাওয়া যায়। খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে।পুলিশের তদন্তে জানা গেছে, গত বছর জিৎ-এর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছিল। তাঁর প্রাক্তন বাগদত্তা বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছিলেন, যা ধর্ষণের মামলা হিসেবে এখনও চলছে। এছাড়াও বাগদানের সময় তাঁকে মারধরের অভিযোগও ছিল।
তদন্তকারীরা ধারণা করছেন, এই পুরনো মামলা এবং আইনি হয়রানির চাপেই মানসিক অবসাদ থেকে জিৎ এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়ে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ জানতে পুলিশ সবদিক খতিয়ে দেখছে। এই মর্মান্তিক ঘটনায় চেতেশ্বর পুজারার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।







