মদ খাওয়ার প্রতিবাদ করাই কি অপরাধ? এই প্রশ্ন ঘোরাফেরা করছে মালদার কালিয়াচকের সুজাপুর এলাকায়। সোমবার রাতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা সোনি বিবির স্বামী তৈফিক আলি (৪২) ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজাপুরের যোগি মোড় তুঁতপাড়ার বাসিন্দা তৈফিক আলি অভিযুক্তদের রাস্তায় প্রকাশ্যে মদ্যপান করতে দেখে প্রতিবাদ জানান। অভিযোগ, তখনই উত্তেজিত হয়ে ওঠে বেনু সেখ, রেনু সেখ এবং জাহাঙ্গীর সেখ নামে তিন ব্যক্তি। মুহূর্তের মধ্যে তৈফিকের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েত সদস্যার স্বামীর উপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরে দ্রুত তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরেই সুজাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সোনি বিবি কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
মদপানের প্রতিবাদে এই রকম বর্বরোচিত হামলা শুধু আইনশৃঙ্খলার প্রশ্নই তোলে না, সমাজের নৈতিকতারও এক কঠিন প্রশ্ন তুলে দেয়।







