প্যারিস: প্যারিস অলিম্পিক ২০২৪-এ গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দশ জনে খেলে ভারত ইতিহাস গড়লো। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয়ী হয়ে ভারত সেমিফাইনালে পৌঁছেছে।
ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক খেলায় মত্ত ছিল। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ভারতকে লিড এনে দেন। এই গোলে তিনি চলতি অলিম্পিকে নিজের সপ্তম গোল পূর্ণ করেন। কিন্তু, অমিত রোহিদাস টার্ফ ছাড়ার পরেই, ২৭ মিনিটে গ্রেট ব্রিটেনের লি মর্টন সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে, ভারতীয় দল দশ জনে খেলেও গ্রেট ব্রিটেনের আক্রমণের সামনে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। ভারতের গোলকিপার পিআর শ্রীজেশ বারবার ব্রিটেনের আক্রমণ রুখে দিয়ে “চীনের প্রাচীর” রূপে নিজেকে প্রমাণ করেন। নির্ধারিত ৬০ মিনিট শেষে স্কোর ১-১ থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে, ভারতের হয়ে হরমনপ্রীত সিং, সুখজিৎ, ললিত কুমার উপাধ্যায় এবং রাজ কুমার পাল টানা চারটে গোল করেন। ব্রিটেনের জেমস আলবারি এবং জাচারি ওয়ালেস গোল করলেও কনর উইলিয়ামস এবং উইলিয়াম রোপার শ্রীজেশের দুর্ধর্ষ গোলকিপিংয়ের সামনে ব্যর্থ হন।
পুরো ম্যাচ জুড়েই ভারতকে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে। তবে, দলের দৃঢ়তা এবং শ্রীজেশের অসাধারণ পারফরম্যান্সের ফলে ভারত এক চমকপ্রদ জয় লাভ করে।
এই ঐতিহাসিক জয়ে ভারতীয় হকি দলের সেমিফাইনালে উত্তরণ নিশ্চিত হলো এবং সমর্থকদের মধ্যে উদ্দীপনা এবং আনন্দের বন্যা বইছে। সেমিফাইনালে ভারতকে নিয়ে আশাবাদী সকলেই।
ফাইনালে উঠতে হলে হারমনপ্রীতদের জার্মানিকে হারাতে হবে। গতকাল জার্মানি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে।







