পালাবদলের পর থেকেই বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এবার বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। এই পরিস্থিতিতে সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপাল আরএন রবির সঙ্গে দেখা করতে চায় কালীঘাট তৃণমূল। সূত্রের খবর, সাক্ষাতের সময় চেয়ে ইতিমধ্যেই দু’জনের কাছেই চিঠি পাঠানো হয়েছে।
গত ৪ মে প্রকাশিত হয় বিধানসভা নির্বাচনের ফলাফল। টানা ১৫ বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতার দায়িত্ব বিজেপির হাতে তুলে দেন রাজ্যের মানুষ। এরপর থেকেই কালীঘাট তৃণমূলের অভিযোগ, তাদের কর্মী-সমর্থকদের নানা ভাবে হেনস্তা করা হচ্ছে। কোথাও বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। যদিও বিজেপির বক্তব্য, অন্যায় করলে কোনও ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা দলের রং দেখে বিচার করা হবে না, দোষী প্রমাণিত হলে প্রত্যেকের বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এরপর একাধিক ঘটনায় উত্তপ্ত হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। সোনারপুরে নিহত এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে ডিম হামলার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও কাদা-জল ছোড়ার অভিযোগ ওঠে। পাশাপাশি একাধিক তৃণমূল নেতাও বিভিন্ন সময়ে ডিম হামলার শিকার হয়েছেন। এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে হামলা ও ভাঙচুরের অভিযোগ সামনে আসে। দপ্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এই ধারাবাহিক ঘটনায় উদ্বিগ্ন কালীঘাট তৃণমূল। তাই এবার দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি এবং রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের সঙ্গে সরাসরি আলোচনা করতেই সাক্ষাতের সময় চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলত তৎকালীন বিরোধী বিজেপি। সেই অভিযোগের বিরুদ্ধে তৃণমূলও একাধিকবার পাল্টা সুর চড়িয়েছে। তবে ক্ষমতার পরিবর্তনের পর এবার সেই একই ইস্যুতে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল কালীঘাট তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, রাষ্ট্রপতি এবং বাংলার রাজ্যপালের কাছে ইতিমধ্যেই সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে।







