দক্ষিণী তারকাদের প্রেমকাহিনি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। সেই তালিকায় প্রথম সারিতে রয়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। বহু দিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলেছে টলিউড, বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্দরে। সাম্প্রতিক সময়ে রশ্মিকার অনামিকায় চকচক করা হীরের আংটিই সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। অনেকে ধরে নিয়েছেন, গোপনেই আংটি বদল সেরে ফেলেছেন তাঁরা, এমনকি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে তাঁদের বিয়ের আয়োজন নিয়েও গুঞ্জন ছড়ায়।
তবে এই আলোচনার মাঝেই অবশেষে মুখ খুললেন রশ্মিকা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁকে বিয়ে সংক্রান্ত প্রশ্ন করা হলে অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি এখনই কিছু বলতে চান না। তাঁর কথায়, “আমার বিয়ে বা সম্পর্ক নিয়ে আমি কোনও সিলমোহর দিতে চাই না। আবার অস্বীকারও করতে চাই না। যখন মনে করব জনসমক্ষে জানানো প্রয়োজন, তখন অবশ্যই জানাব। আপাতত ব্যক্তিগত মুহূর্তগুলো ব্যক্তিগতই থাকতে দিন।” তাঁর মতে, প্রত্যেক মানুষেরই একটি ব্যক্তিগত জীবন থাকে এবং সেটাকে সম্মান করা জরুরি।
রশ্মিকা–বিজয় জুটিকে নিয়ে জল্পনা নতুন নয়। গত আট বছর ধরে তাঁদের কখনও শহরের বিভিন্ন জায়গায় ডেট করতে দেখা গিয়েছে, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় একই গন্তব্যের আলাদা ফ্রেমে ধরা পড়ায় আলোচনা আরও বেড়েছে। সম্প্রতি ‘থামা’ ছবির প্রচারে রশ্মিকার হাতে দেখা যায় হিরের ঝলমলে আংটি, যা নিয়েই ফের বাগদানের রটনা। বিষয়টি তুলতেই একগাল হেসে নায়িকার জবাব— “সবাই সব জানেন দেখছি!” যদিও তিনি নিশ্চিত করেননি, তবুও ইন্ডাস্ট্রি জুড়ে কানাঘুষো, আগামী বছরই নাকি মালাবদল করতে পারেন দক্ষিণের এই জনপ্রিয় তারকা জুটি।
ব্যক্তিগত জীবন নিয়ে রশ্মিকার এই সংযত ও রহস্যময় অবস্থানেই আরও বেড়ে চলেছে ভক্তদের কৌতূহল। তিনি কি সত্যিই নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন? উত্তর দেবে সময়ই।







