বিনোদন

কল্কি ২’ থেকে দীপিকার বিদায়? প্রিয়াঙ্কার নামেই নতুন বাজি? জোর জল্পনায় বলিউড

দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুচর্চিত মেগা-প্রজেক্ট ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে চলচ্চিত্রমহলে। কানাঘুষো, ‘কল্কি ২’ থেকে দীপিকা পাড়ুকোনকে ছাঁটাই করার পর নাকি সেই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। ফলে ফের মুখোমুখি হতে চলেছেন বলিউডের দুই আন্তর্জাতিক তারকা—এমনটাই মনে করছেন গুঞ্জনবাজ মহল।

গত এক মাস ধরে দীপিকার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ নিয়ে তোলপাড় বিনোদুনিয়া। ‘স্পিরিট’–এর পর দক্ষিণের বহুপ্রতীক্ষিত ‘কল্কি’ সিক্যুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি—এমনই খবর চাউর হয়েছিল। কেউ দাবি করেছিলেন, দিনে আট ঘণ্টার বেশি শিফটে রাজি না হওয়ায় তাঁকে সরানো হয়েছে; আবার কেউ বলেছিলেন, অতি মাত্রায় পারিশ্রমিক দাবি করায় নির্মাতারা নাকি পিছিয়ে গিয়েছেন। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, মূল চিত্রনাট্য পরিবর্তনের ফলে দীপিকার ভূমিকাকে ক্যামিও পর্যায়ে নামিয়ে আনা হয়েছিল। সেই কারণেই প্রকল্প থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন তিনি।

এদিকে একই সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে তিনি ব্যস্ত রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ ছবির শুটিংয়ে। এর মাঝেই ‘কল্কি ২’-র প্রস্তাব তাঁর কাছে পৌঁছেছে বলে শোনা যাচ্ছে। তবে প্রিয়াঙ্কা নাকি এখনই সই করতে নারাজ। হাতে থাকা একাধিক আন্তর্জাতিক ও দেশীয় ছবির কাজ, পাশাপাশি ‘বারাণসী’ দর্শকদের কাছে কী প্রতিক্রিয়া পায়—এসব দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

এই গুঞ্জন সামনে আসতেই বলিউড মহলে রসিকতা—‘বাজিরাও মাস্তানি’র পর বাস্তবেও কি মস্তানির সঙ্গে প্রতিশোধ নিলেন কাশীবাঈ? যদিও সবটাই এখনও অনুমাননির্ভর। নির্মাতাদের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে আপাতত অপেক্ষা শুধু অফিসিয়াল নিশ্চিতকরণের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.