গরমে হোক কিংবা শীতকালে, প্রতিদিনের স্নান শরীরকে পরিষ্কার রাখার পাশাপাশি রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু স্নানের সময় শরীরের কোন অঙ্গে আগে জল ঢালা উচিত—তা অনেকেই জানেন না। ভুলভাবে স্নান করলে হঠাৎ হৃদ্যন্ত্রে চাপ বাড়তে পারে, এমনকি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে, শরীরের তাপমাত্রা বেশি থাকলে স্নানের সময় আরও কিছু বিশেষ সতর্কতা প্রয়োজন।
দৈনন্দিন শরীরচর্চার পর বা প্রচণ্ড গরমে শরীরের রক্তনালীগুলো প্রসারিত হয়ে থাকে। এই সময় হঠাৎ ঠান্ডা জল মাথায় বা বুকে ঢাললে রক্তনালী দ্রুত সংকুচিত হয়ে যায়। এর ফলে রক্তচাপ অপরিকল্পিত ভাবে বেড়ে যেতে পারে। উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এই হঠাৎ চাপবৃদ্ধি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দেয়।
এছাড়া ঠান্ডা জল সরাসরি মাথায় বা বুকে পড়লে ভেগাস নার্ভ সক্রিয় হয়ে হৃদস্পন্দন হঠাৎ কমে যেতে পারে। অনেক ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়া বা কার্ডিয়াক অ্যারেস্টের মতো বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হয়।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, স্নানের সময় সবার আগে পায়ে জল ঢালাই নিরাপদ। পায়ের পাতায় রক্তনালীগুলো ছোট হয়, ফলে তারা দ্রুত সংকুচিত হয়ে মস্তিষ্ককে সতর্ক করে—শরীর ঠান্ডা হচ্ছে। এরপর ধীরে ধীরে জল ওপরে তুলে হাঁটু, কনুই পর্যন্ত ঢাললে শরীর তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠে।
পরবর্তী ধাপে ধীরে ধীরে পেট ও বুকে জল ঢালার পরামর্শ দেওয়া হয়। এতে হৃদ্যন্ত্রের ওপর সরাসরি ঠান্ডার ধাক্কা পড়ে না। সবশেষে মাথায় জল ঢালা সবচেয়ে নিরাপদ বলে মনে করেন চিকিৎসকরা। এতে ভেগাস নার্ভের আকস্মিক শক প্রতিরোধ করা যায় এবং মস্তিষ্কে রক্তপ্রবাহ নিয়ন্ত্রিত থাকে।
অতএব, স্নানের সঠিক নিয়ম মানলে শুধু শরীর পরিষ্কারই হয় না, বরং মারাত্মক হৃদ্ঝুঁকি থেকেও সুরক্ষা পাওয়া যায়।







