নিজস্ব সংবাদদাতা : উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের পূর্বেই স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় বসার তালিকা প্রকাশ করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তারই প্রেক্ষিতে উক্ত বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও, প্রেসিডেন্সিকে নয় তালিকা প্রকাশের জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে নির্দেশদান মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করে এক পড়ুয়া। অভিযোগ ছিল, ফলপ্রকাশের আগেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভরতি তালিকা তৈরি হয়ে গিয়েছে। মঞ্চে বক্তব্য রাখতে উঠে রীতিমতো উষ্মাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীকে আলাদা করে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘সিবিএসই আইসিএসই বোর্ডের ফল প্রকাশ হলেও ততদিনে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়নি। আর মধ্যেই প্রসিডেন্সি তালিকা প্রকাশ করে দিয়েছে। এটা ঠিক হয়নি। শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবের উদ্দেশে তাঁর সংযোজন, ‘ওদের বলো আবার যেন নতুন করে লিস্ট প্রকাশ করে। আমি চাই না কেউ বঞ্চিত হোক। সবাই যাতে সুযোগ এটা নিশ্চিত করতে হবে’।







