জেলা

স্ত্রী ছেড়ে যাওয়ার পর নেশায় ডুবে যুবকের রহস্যমৃত্যু! একই বাড়িতে থেকেও টের পেলেন না মা–দিদি, চাঞ্চল্য উত্তরপাড়ায়

উত্তরপাড়ার অমরনাথ ব্যাঙ্ক কলোনিতে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার। বাড়ির উপরের তলায় অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ৪৬ বছরের মনোরঞ্জন বসাকের দেহ থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধেই প্রথম কার্যত বিষয়টি ধরা পড়ে। স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্তম্ভিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন কিছুদিন ধরেই মারাত্মকভাবে নেশায় আসক্ত হয়ে পড়েন। পরিবার সূত্রের দাবি, স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়া এবং সাম্প্রতিক বিচ্ছেদের পর থেকেই তাঁর নেশার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বাড়ির উপরের তলায় একাই থাকতেন তিনি। তবে এদিন যে অবস্থায় দেহ উদ্ধার হয়েছে, তা ঘিরে প্রশ্ন উঠেছে একাধিক।

কারণ, মনোরঞ্জনের মা, বিবাহিতা বোন এবং তাঁর পরিবারই থাকেন বাড়ির নিচের তলায়। স্থানীয়দের প্রশ্ন—একই বাড়িতে বসবাস করেও টানা কয়েক দিন ধরে দেহ পচে যাওয়ার গন্ধ কীভাবে পরিবারের সদস্যদের নাকে পৌঁছল না? তাঁরা কেন ছেলের খোঁজ নিলেন না? মৃত্যুর সময় ঠিক কতক্ষণ আগে—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি আত্মঘাতী পদক্ষেপ, নেশাজনিত মৃত্যু, নাকি কোনওভাবে খুন। বাড়ির ভিতরে জখমের চিহ্ন, দরজা বন্ধ থাকার পরিস্থিতি, এবং মৃত্যুকালের আনুমানিক সময় সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিবারে অশান্তি এবং নেশা-নিবারণের ব্যর্থ প্রচেষ্টা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। তবে এভাবে মৃত্যুর মধ্যে দিয়ে তার পরিণতি হবে—ভাবেননি কেউই।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য কাটছে না উত্তরপাড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.