রাজ্য বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল OBC-সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। সোমবার অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধনী) বিল, ২০২৬’ এবং ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ব্যতীত) (সরকারি চাকরি ও পদে সংরক্ষণ) (সংশোধনী) বিল, ২০২৬’ পেশ করেন। দীর্ঘ আলোচনার পর ধ্বনিভোটে বিল দু’টি গৃহীত হয়।
বিধানসভার ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে ১৮৬টি, বিপক্ষে ১৭টি। এছাড়া ৬ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। রাজ্য সরকারের দাবি, সংশোধনীগুলির মাধ্যমে অনগ্রসর শ্রেণির সংরক্ষণ ব্যবস্থা আরও কার্যকর ও আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
তবে বিল দু’টির কড়া বিরোধিতা করেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর অভিযোগ, এই সংশোধনী কার্যকর হলে রাজ্যে জাতিগত বৈষম্য আরও বাড়তে পারে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “রঙ্গনাথ কমিশনের সুপারিশ মেনে সংরক্ষণ দেওয়া উচিত। এই বিল পাশ হলে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের পড়ুয়ারা উচ্চশিক্ষায় আরও বঞ্চিত হবেন। এর ফলে সামাজিক ন্যায়বিচারের কাঠামো ক্ষতিগ্রস্ত হবে।”
সরকারি পক্ষ অবশ্য বিরোধীদের আশঙ্কা উড়িয়ে দিয়ে জানিয়েছে, সংশোধনী বিলের মূল উদ্দেশ্য হল সংরক্ষণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আইনসম্মত এবং বাস্তবসম্মত করে তোলা। তবে বিলটি ঘিরে রাজনৈতিক বিতর্ক যে আগামী দিনে আরও তীব্র হতে পারে, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।







