বিনোদন

নাইটক্লাবে ‘অশালীন ইশারা’, মন্ত্রী–বিধায়কের ছেলেদের উপস্থিতিতে ফের বিতর্কে আরিয়ান খান

বলিউড তারকা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে ঘিরে ফের শুরু হয়েছে তীব্র বিতর্ক। ২০২১ সালের বহুচর্চিত মাদক-কাণ্ডের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, জনমত, এবং জেল-অধ্যায়—সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিলেন বাদশাপুত্র। সম্প্রতি ‘ব্যাডস অফ বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে কাজ শুরু করলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর। গত ২৮ নভেম্বর বেঙ্গালুরুর এক নাইটক্লাবে ঘটে যাওয়া এক ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে বয়ে গেল সমালোচনার ঝড়।

ঘটনাটি ঘটেছে অশোকনগর এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে। সেদিন বন্ধুদের সঙ্গে সেখানে যান আরিয়ান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের পুত্র জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এন.এ. হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপদ। নাইটক্লাবের ভেতর উচ্চস্বরে গান-বাজনা, উচ্ছ্বাস আর উল্লাসের মাঝে ব্যালকনিতে দাঁড়ানো আরিয়ানকে লক্ষ্য করে সমবেত অতিথিদের চিৎকার ও শুভেচ্ছা ধ্বনি ওঠে। ঠিক সেই সময় ব্যালকনি থেকে উপস্থিত জনতার দিকে মধ্যমা প্রদর্শন করতে দেখা যায় তাঁকে। মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়া মাত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি।

ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দেন শহরের একাংশ বাসিন্দা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অশোকনগর থানাকে ট্যাগ করে আরিয়ানের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানান। চাপ বাড়তেই নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ প্রশাসন। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পুরো ক্রমপরম্পরা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নাইটক্লাবের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিশেষত, কোন পরিস্থিতিতে আরিয়ান এমন আচরণ করেছেন, তা জানতে চেয়েছে পুলিশ।

যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশের প্রাথমিক তদন্ত শুরু হওয়ায় জোর আলোচনা চলছে শহরজুড়ে। আরিয়ানের আচরণ নিয়ে সামাজিক মহলে তীব্র নিন্দার সুরও ক্রমশ বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.